জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈরে র্যালি ও সমাবেশ করেছেন উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রোববার সকালে উপজেলার চন্দ্রা বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর-১ আসনের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে প্রায় ৫০ কিলোমিটার পথ অতিক্রম শেষে কালিয়াকৈর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর-১ আসনের এমপি মো. মজিবুর রহমান বলেন, ৭ নভেম্বরের মূল চেতনা হচ্ছে জাতীয় ঐক্য ও সংহতি।
সমাবেশে উদ্বোধনী অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহশ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান।
এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ এবং পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইজুদ্দিন আহমেদ।