দেশের বিভিন্ন জেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। কুমিল্লায় বিশেষ সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ৬৪ জনকে আটক করেছে পুলিশ।
একই সময় খুলনায় ককটেল বিস্ফোরণ, ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, টাঙ্গাইল ও নেত্রকোনায় গ্রামীণ ব্যাংক শাখায় আগুন ও পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় স্থানীয়ভাবে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
বিভিন্ন স্থানে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে এবং তদন্ত শুরু করেছে। অন্যদিকে জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় ওয়ার্ড আওয়ামী লীগের এক সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, জননিরাপত্তা নিশ্চিত করতে অভিযান ও আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে।
কুমিল্লায় জেলা পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে আওয়ামী লীগের ৬৪ জনসহ মোট ২৮৮ জনকে আটক করা হয়েছে। গত ১৯ ও ২০ নভেম্বর ভোর পর্যন্ত জেলার বিভিন্ন থানা এবং গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আটক ২৮৮ জনের মধ্যে ২০৭ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি ৮১ জনের কাছ থেকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
জেলার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নজরদারি জোরদার, অপরাধীদের শনাক্তকরণ এবং জননিরাপত্তা বিঘ্নিত করতে পারে এমন কর্মকাণ্ড প্রতিরোধে অভিযান চালানো হয়।
কুমিল্লা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধমুক্ত, শান্তিপূর্ণ ও নিরাপদ কুমিল্লা গড়ে তুলতে জেলা পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বিএনপির স্থানীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। গত শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে বারোবাজার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাসিলবাগ গ্রামে এ ঘটনা ঘটে। এতে অফিসের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে কয়েকজন ছাত্রলীগের নেতাকর্মী বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন দেওয়ার পর তারা কিছু সময় সেখানে অবস্থান করে চলে যায়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, দিনের বেলায় কিছু করার সাহস না পেয়ে রাতের অন্ধকারে চোরের মতো ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আমরা ঐক্যবদ্ধ বিএনপি, তাদের প্রতিহত করব।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ নেতা ও সাবেক এক চেয়ারম্যানের উসকানিতে ছাত্রলীগের সন্ত্রাসীরা এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছি। তারা তদন্ত করে আইনি ব্যবস্থা নেবে।
খুলনায় আওয়ামী নেতাকে পুলিশে দিল জনতা
খুলনার রূপসা উপজেলায় তিন নাশকতা মামলার আসামি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতা মো. মনিরুজ্জামান ওরফে মনির মাস্টারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা। গতকাল শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার সেনেরবাজার এলাকায় তার নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনিরুজ্জামান আইচগাতী ইউনিয়নের দেয়াড়া ৫ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি আইচগাতী বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
আইচগাতী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উজ্জ্বল রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন , বিকাল সাড়ে ৫টার দিকে সেনের বাজার এলাকায় তার নিজস্ব দোকান থেকে স্থানীয় জনতা মনিরুজ্জামানকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তার বিরুদ্ধে তিনটি নাশকতার মামলা রয়েছে।
রূপসা থানার ওসি মাসুম খান বলেন, মনিরুজ্জামান একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের স্থানীয় নেতা বলে জানা গেছে। বিক্ষুব্ধ জনতা তাকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করে। তার বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে। আটকের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে খুলনার ফুলবাড়ী গেটে ককটেল ও পেট্রোলবোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের ঘটনায় এক ব্যক্তিকে গণপিটুনি দিয়েছে জনগণ। গণপিটুনির শিকার এটিএম লাইসুজ্জামানকে (৫০) গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে মিরাজ নামে একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় নগরীর ফুলবাড়ী গেট জনতা মার্কেটের দ্বিতীয় তলায় মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কার্যালয়ে এ ঘটনা ঘটে। আহত সাইফুজ্জামান নগরীর দৌলতপুর থানার সেনপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নাসির শেখের দাবি, ওই কার্যালয়ে ককটেল তৈরির সরঞ্জাম, কাঁচের বোতল ও পেট্রোল পাওয়া গেছে। এছাড়া সেখান থেকে কম্পিউটার, ল্যাপটপ, বিভিন্ন নথিপত্র ও ভিডিও উদ্ধার করা হয়। পরে এসব পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তবে খানজাহান আলী থানার ওসি আবুল বাশার বলেন, ককটেল তৈরির সময় কাউকে আটকের বিষয়ে তিনি কিছু জানেন না। লাইসুজ্জামানকে ঘিরে কী ঘটেছে, সে বিষয়েও তাকে বিস্তারিত জানানো হয়নি।
দিঘলিয়ায় ককটেল বিস্ফোরণ
খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল ভোরে উপজেলার সেনহাটী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে সাগর জুট স্পিনিং মিলের আবাসিক এলাকার তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার ফজরের নামাজের আগে আওয়ামী লীগের নেতাকর্মীরা তিন রাস্তার মোড়ে ককটেল নিক্ষেপ করে। এ সময় স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ধোঁয়া দেখতে পান। পরে তারা দিঘলিয়া থানার পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের আলামত সংগ্রহ করে। দিঘলিয়া থানার ওসি অরূপ কুমার চৌধুরী বলেন, জর্দার কৌটার মতো দেখতে বোমা সদৃশ্য একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকে আগুন
গত শুক্রবার দিবাগত রাতে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
স্থানীয়রা জানান, শুক্রবার মধ্যরাতে গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে বোতলে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয় আওয়ামী লীগের কিছু নেতাকর্মী। এতে অফিসের ভেতরে থাকা বিভিন্ন জরুরি কাগজ ও নথিপত্র পুড়ে যায়।
নাগরপুর থানার ওসি জহিরুল ইসলাম জানান, গতরাত আনুমানিক সাড়ে বারোটার দিকে গ্রামীণ ব্যাংক শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে বোমা
নেত্রকোনার দুর্গাপুরে গ্রামীণ ব্যাংকের শাখা লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে আওয়ামী সন্ত্রাসীরা। এর মধ্যে একটি বোমা বিস্ফোরিত ও আরেকটি অবিস্ফোরিত উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে বিরিশিরির উৎরাইল এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে গ্রামীণ ব্যাংকের শাখা লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় মহব্বত হোসেন (৫০) নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। তিনি সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।
শনিবার সকাল ৭টা ৫০ মিনিটের দিকে রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ জানান, সদর উপজেলার ভান্ডারিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজবাড়ী সদর থানায় দায়ের করা একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মহব্বত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া জামালপুরের সরিষাবাড়ী উপজেলা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইলিয়াছকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার উপজেলার রায়দেরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
[প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট প্রতিনিধিরা]
এমই