ভোলার চরফ্যাশনে জমির দলিল দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দু’পক্ষের ২৫ জন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত চরফ্যাশন উপজেলার ভাসানচর গ্রামের ৪ নম্বর ওয়ার্ডে এ সংঘর্ষ হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যৌথবাহিনী। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করলে পুনরায় সংঘর্ষে ঘটে।
জানা গেছে, আলমগীর হোসেনের সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘ দিনের বিরোধ চলছিল একই এলাকার আব্দুর জলিল সঙ্গে। পরে স্থানীয় সালিশে সমোঝোতার মাধ্যমে বিরোধীয় জমি আব্দুর জলিলের কাছে হস্তান্তর করার কথা থাকলেও সময়মতো দলিল দেয়নি আলমগীর। এনিয়ে প্রথমে স্থানীয় কলেরহাট বাজারে আলমগীরের সঙ্গে মারামারি হয়। পরে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
শশীভূষণ থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, এ ঘটনায় একপক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।