হবিগঞ্জ মটর মালিক গ্রুপের বিরতিহীন এক্সপ্রেস বাস মৌলভীবাজারের ওপর দিয়ে চলাচলে বাধা দেওয়াকে কেন্দ্র পরিবহন নৈরাজ্য চরম আকার ধারণ করেছে।
শনিবার সকাল ৭টা হতে হবিগঞ্জ মটর মালিক গ্রুপের শ্রমিকরা বাহুবল উপজেলার মিরপুর ও কামাইছড়ায় অবস্থান করে মৌলভীবাজার থেকে ছেড়ে আসা এবং ঢাকা থেকে মৌলভীবাজারগামী হানিফ-শ্যামলীসহ দূরপাল্লার বাস ফিরিয়ে দিচ্ছেন। এতে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষ মাঝ পথে প্রতিনিয়ত বিড়ম্বনায় পড়ছেন।
হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের পক্ষে শ্রমিক নেতা ছায়েদ চৌধুরী জানান, সম্প্রতি মৌলভীবাজারে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস চলাচলে বাধা ও আটকে রাখার প্রতিবাদে বাস চলাচল নিয়ে সৃষ্ট জটিলতা বিভাগীয় কমিশনার মীমাংসা করে দেন। কিন্তু প্রশাসনের এই সিদ্ধান্ত অমান্য করে মৌলভীবাজারের ওপর দিয়ে হবিগঞ্জের বিরতিহীন বাস চলাচল করতে দেওয়া হচ্ছে না। যার কারণে মৌলভীবাজারের সঙ্গে যুক্ত কোনো বাস হবিগঞ্জের ওপর দিয়ে চলাচল করতে দেওয়া হবে না।
হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী বলেন, মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন তার লোকজন বিরতিহীন বাস চলাচলে বাধা দিয়ে বিশৃঙ্খলা তৈরি করছেন। তিনি বলেন, প্রশাসনের সিদ্ধান্তের প্রতি হবিগঞ্জ মটর মালিক গ্রুপ শ্রদ্ধাশীল।
এদিকে, মিরপুর ও কামাইছড়া থেকে দূরপাল্লার বাস ফিরিয়ে দেয়ায় যাত্রী সাধারণকে অতিরিক্ত ভাড়ায় সিএনজি অটোরিকশা যোগে গন্তব্যে যেতে হচ্ছে।
এ ব্যাপারে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায় জানান, বিরাজমান এ সমস্যা নিরসনের লক্ষ্যে জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে আলোচনা চলছে।
এমএইচ