সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে গতকাল বৃহস্পতিবার এইচএসসি ও আলিম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে প্রথম দিনে ২৪ হাজার ৭৮৪ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। একই সঙ্গে অসদুপায় অবলম্বনের দায়ে ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, প্রথম দিনের পরীক্ষায় রাউজানে ৬৮ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এবার রাউজানে মোট পরীক্ষার্থী সংখ্যা চার হাজার ২১ জন। এর মধ্যে ছাত্র এক হাজার ৭০৫ জন ও ছাত্রী দুই হাজার ৩১৬ জন।
রাউজানে কলেজ পর্যায়ে তিন হাজার ৪১৩ শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৫৪ জন। অপরদিকে, মাদরাসা পর্যায়ে আলিম শিক্ষার্থীদের মধ্যে ৪০৮ জনের মধ্যে ১০ জন অনুপস্থিত দেখা যায়। এছাড়া ভোকেশনালে দুইশ পরীক্ষার্থীর মধ্যে চারজন ছিল অনুপস্থিত।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, রাউজানে মোট আটটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে চারটি কলেজ, তিনটি মাদরাসা ও ভোকেশনালের জন্য একটি কেন্দ্র দেওয়া হয়।
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম রাহাতুল ইসলাম জানান, রাউজানে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোনো ধরনের সমস্যা দেখা যায়নি। সবগুলো হল ছিল সিসিটিভি ক্যামেরার আওতাধীন। আমরা হল পরিদর্শন করে কোনো ত্রুটি দেখতে পাইনি। আশা করি, সামনেও ভালোভাবে পরীক্ষা হবে।
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের নবাবগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রথম দিনে ৭৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বণিক জানান, অনুপস্থিত পরীক্ষার্থীর মধ্যে এইচএসসিতে ৩০ জন এবং আলিমে ৩৬ জন পরীক্ষার্থী রয়েছে।
ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি জানান, উপজেলার সরকারি এমএ রেজা কলেজ, হাবিব উল্লাহ কলেজ ও শহীদ সিরাজ সিকদার কলেজ কেন্দ্রে এইচএসসি ও গৈড্যা এমএস ফাজিল মাদরাসা কেন্দ্রে আলিম পরীক্ষা শুরু হয়। এ বছর উপজেলার এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৭৭৭ জন, যার মধ্যে প্রথম দিনে অনুপস্থিত ১৫ জন। আর আলিম পরীক্ষার্থীর সংখ্যা ৬০ জন, এর মধ্যে চারজন অনুপস্থিত ছিল।
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি জানান, উপজেলার একমাত্র কেন্দ্র কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শাখায় মোট ৮৪১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে বলে জানান কর্ণফুলী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিরাজ উদ্দিন। এর মধ্যে কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ হতে ১৭১ জন, কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজ হতে ৬৩৯ জন এবং বিলাইছড়ি কলেজ হতে ৩১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। তিনি বলেন, এবারের পরীক্ষা পদ্ধতি একেবারেই নতুন, মাননীয় শিক্ষা মন্ত্রীর নির্দেশনায় প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যাতে করে ভারপ্রাপ্ত অধ্যক্ষের কার্যালয় হতে বসে শ্রেণিকক্ষ, করিডোর এবং দায়িত্বরত শিক্ষকদের কার্যক্রম মনিটরিং করা যায়।
পরীক্ষা কেন্দ্রের হল সুপার কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম বলেন, এ পরীক্ষা কেন্দ্রে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নিয়েছে এবং শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রথম দিনের পরীক্ষায় চারটি কেন্দ্রে মোট এক হাজার ৫০৬ পরীক্ষার্থীর মধ্যে এক হাজার ৪৬০ জন অংশ নেয়। অনুপস্থিত ছিল ৪৬ জন। কোনো পরীক্ষার্থী বা পরিদর্শককে বহিষ্কার করা হয়নি।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি সফর আলী কলেজ কেন্দ্রে ৪২২ জন পরীক্ষার্থীর মধ্যে ৪১৬ জন পরীক্ষায় অংশ নেয়। অনুপস্থিত ছিল ৬ জন। রোকনউদ্দিন মোল্লা গার্লস ডিগ্রি কলেজ কেন্দ্রে ৮৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৮২০ জন অংশ নেয়। এ কেন্দ্রে অনুপস্থিত ছিল ৩৪ জন। সুলতান সাদী উচ্চবিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ১৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩১ জন পরীক্ষায় অংশ নেয়। অনুপস্থিত ছিল তিনজন।
রোকনউদ্দিন মোল্লা গার্লস স্কুল কেন্দ্রে ৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৩ জন অংশ নেয়। অনুপস্থিত ছিল তিনজন। আড়াই হাজার উপজেলা নির্বাহী অফিসার আসাদুর রহমান ও সহকারী কমিশনার ভূমি মোস্তাফিজুর রহমান ইমন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, বাঁশখালীতে এবারের এইচএসসি ও আলিম পরীক্ষায় দুই হাজার ৯২৭ শিক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে এইচএসসিতে দুই হাজার ৪০৫ এবং আলিমে ৫২২ জন অংশ নিচ্ছেন। মোট চারটি কেন্দ্রের মধ্যে মাস্টার নজির আহমদ কলেজ কেন্দ্রে আলিম পরীক্ষার্থী ও বাঁশখালী সরকারি আলাওল কলেজ, বাঁশখালী ডিগ্রি কলেজ ও বিএমসি কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন।
শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি জানান, চাঁদপুরের শাহরাস্তিতে আলিম পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আলিম পরীক্ষার প্রথম দিনে কুরআন মাজিদ বিষয়ে অসদুপায় অবলম্বনের দায়ে শাহরাস্তি বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে রাগৈ ইসলামিয়া আলিম মাদরাসার শিক্ষার্থী ইমাম হোসেনকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বহিষ্কারের নির্দেশ দেন।
শাহরাস্তি উপজেলার ১০টি মাদরাসা থেকে এ বছর ২৫০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।