পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের দরিদ্র নারীদের স্বাবলম্বী করতে জলবায়ু সহনশীল প্রাণী হিসেবে ‘ব্ল্যাক বেঙ্গল’ জাতের ছাগল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দাতা সংস্থা কার্ক ইন এক্টি (কিয়া) দ্য নেদারল্যান্ডসের সহায়তায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর রুরাল সার্ভিস সোসাইটি (সিআরএসএস)-এর ‘নিরাপদ জীবন-জীবিকা’ প্রকল্পের আওতায় ইউনিয়নের ৩০ জন দরিদ্র ও প্রান্তিক নারী সদস্যের মাঝে জনপ্রতি একটি করে ছাগল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হামিদুল ইসলামের সভাপতিত্বে ও প্রকল্পের অর্গানাইজার এলবার্ট শোভন বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কার্ক ইন এক্টি (কিয়া) দ্য নেদারল্যান্ডসের প্রোগ্রাম অফিসার মার্টিন ভ্যান ডেন টরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিয়া বাংলাদেশ-এর পোর্টফোলিও কো-অর্ডিনেটর ম্যাটিল্ডা টিনা বৈদ্য, সিআরএসএস-এর বরিশাল অঞ্চলের নির্বাহী পরিচালক অ্যাডওয়ার্ড রবিন বল্লভ ও মহিপুর প্রেসক্লাবের সদস্য মাইনুদ্দিন আল আতিক। অনুষ্ঠানের শুরুতে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য দেন প্রকল্প ব্যবস্থাপক বাসুদেব গুহ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলের দরিদ্র নারীদের বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ সহায়ক ভূমিকা রাখবে। ছাগল পালন উপকারভোগীদের আয় বৃদ্ধি ও জীবনমান উন্নয়নে সহায়ক হবে বলে আশা করেন তারা।
সিআরএসএস-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অ্যাডওয়ার্ড রবিন বল্লভ বলেন, ‘সংস্থাটি দীর্ঘদিন ধরে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে। এই ছাগল বিতরণ কর্মসূচি নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি ও স্বাবলম্বী হতে সহায়তা করবে বলে আমরা বিশ্বাস করি।’
জেডএম