বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সুরঞ্জিত দাসের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইমরান খান সালামের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের নিজস্ব চেম্বারে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগের পর বিকেল ৫টার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল রানার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিয়ে ওই এলাকায় ব্যাপক আলোড়ন শুরু হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো চেম্বারে রোগী দেখছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সুরঞ্জিত দাস। এ সময় বেলায়েত হোসেন খান চিকিৎসা নিতে তাঁর চেম্বারে যান। চেম্বারে একজন নারী রোগী থাকায় চিকিৎসক তাঁকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। বিষয়টি বেলায়েত হোসেন খান তাঁর ছেলে পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইমরান খান সালামকে জানান।
অভিযোগ রয়েছে, এর কিছুক্ষণ পর ইমরান খান সালাম ৩-৪ জনকে সঙ্গে নিয়ে চিকিৎসকের চেম্বারে প্রবেশ করেন। একপর্যায়ে চিকিৎসকের সঙ্গে অশোভন আচরণ, গালাগাল ও তাকে বেধরক মারধর করা হয়। পরিস্থিতি বেগতিক দেখে কর্তব্যরত ওই চিকিৎসক আত্মরক্ষার্থে চেম্বার থেকে দৌড়ে বের হয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষে আশ্রয় নেন।
চিকিৎসক ডা. সুরঞ্জিত দাস সাংবাদিকদের জানান, রোগীকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলার পর ইমরান খান সালাম তাঁর চেম্বারে প্রবেশ করে সরকারি কাজে বাধা দেন এবং অশ্লীল ভাষায় গালাগালসহ মারধর করেন। এ ঘটনায় তিনি বাকেরগঞ্জ থানায় একটি মামলা করেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর শহিদুল ইসলাম শাহিন জানান, হাসপাতালের মতো সেবামূলক প্রতিষ্ঠানে কর্তব্যরত চিকিৎসকের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সংসদ সদস্য আবুল হোসেন খানকে জানানো হয়েছে। তিনি এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন।
এদিকে চিকিৎসকের উপর হামলার ঘটনার পর হাসপাতালের চিকিৎসকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে এবং তাঁরা সাময়িকভাবে রোগী দেখা বন্ধ রাখেন। পরে অবশ্য জরুরি বিভাগে চিকিৎসাসেবা চালু রাখা হয়।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আদিল হোসেন জানান, চিকিৎসকের ওপর হামলা ও মারধরের ঘটনায় ইমরান খান সালামসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সালামকে গ্রেপ্তার করে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
এ দিকে হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ সেবাপ্রতিষ্ঠানে চিকিৎসকের ওপর হামলা এবং এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির গ্রেপ্তারকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় বইছে। হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হাসপাতালে নির্বিঘ্ন চিকিৎসাসেবা বজায় রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।
এমএইচ