বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সন্ত্রাসী তৎপরতা ঠেকাতে কঠোর অবস্থানে মহানগর ও জেলা পুলিশ। ডিসেম্বরকে সামনে রেখে যেকোনো ধরনের সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে মহানগরীসহ জেলার বিভিন্ন উপজেলায় পুলিশি টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে চলছে তল্লাশি। পাশাপাশি সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে গুরুত্বপূর্ণ স্থাপনা।
পুলিশের দাবি, তাদের তৎপরতার কারণে বরিশালে নিষিদ্ধ সংগঠনগুলোর নেতাকর্মীরা বড় ধরনের কোনো কর্মসূচি বা অপতৎপরতা চালাতে পারছে না।
সম্প্রতি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিক্ষোভ মিছিলের ঘটনা ঘটলেও বরিশালে নিষিদ্ধ আওয়ামী লীগ তেমন কোনো তৎপরতা চালাতে পারেনি বলে জানিয়েছে পুলিশ। তবে গত সপ্তাহের শুরুতে বরিশাল নগরীতে ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল বের হয়। এছাড়া বাবুগঞ্জের নতুনহাট, বানারীপাড়া ও উজিরপুর উপজেলায় ঝটিকা মিছিল এবং যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের খবর পাওয়া গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেনÑএমন প্রচার চালিয়ে দেশজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ পরিস্থিতিতে সম্ভাব্য নাশকতা ও অপতৎপরতা ঠেকাতে বরিশাল মহানগর ও জেলা পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ সূত্র জানায়, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ ও নাশকতা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে একাধিক চেকপোস্ট বসানো হয়েছে। সচল করা হয়েছে নগরীর সিসি ক্যামেরাগুলো। এসব ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি নগরীতে দায়িত্ব পালন করছে পুলিশের একাধিক মোবাইল টিম। গোয়েন্দা সংস্থাগুলোর সদস্যরাও মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ করছেন। ডিজিএফআই, এনএসআইসহ বিভিন্ন সংস্থার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সুশান্ত সরকার আমার দেশকে বলেন, জ্বালাও-পোড়াও, সন্ত্রাস, মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে মেট্রোপলিটন পুলিশ। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে লঞ্চঘাট, কাকলির মোড়, জেলখানা মোড়, নথুল্লাবাদ বাস টার্মিনাল, গড়িয়ারপাড় ও রূপাতলীসহ গুরুত্বপূর্ণ এলাকায় তল্লাশি ও নজরদারি বাড়ানো হয়েছে। চেকপোস্টে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশির পাশাপাশি সিসি ক্যামেরায় সন্দেহজনক গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের চেষ্টা করলেও পুলিশের তৎপরতায় শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হচ্ছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আমার দেশকে বলেন, মেট্রোপলিটন এলাকায় মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। কিশোর গ্যাং, মাদক কারবারি ও সন্ত্রাসীদের গ্রেপ্তারে দিনরাত কাজ করছে পুলিশ।
নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর বিষয়ে তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় আইনগতভাবে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ নেই। কেউ আইন ভেঙে অপতৎপরতা বা নাশকতার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরো বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের দুই শতাধিক নেতাকর্মীকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
মহানগরীর পাশাপাশি জেলার ১০টি উপজেলায়ও নজরদারি ও পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে চেকপোস্ট। প্রতিটি উপজেলায় একাধিক টহল ও মোবাইল টিম দায়িত্ব পালন করছে। গ্রামপর্যায়েও পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
বরিশালের পুলিশ সুপার এজেডএম মোস্তাফিজুর রহমান আমার দেশকে বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। প্রতিটি উপজেলায় একাধিক পুলিশি টহল, মোবাইল টিম ও চেকপোস্ট রয়েছে। নিষিদ্ধ সংগঠনের নামে কেউ রাজনৈতিক কর্মকাণ্ড বা অন্য কোনো অপতৎপরতা চালানোর চেষ্টা করলে তাকে আইনের আওতায় আনা হবে। আইন ভেঙে রাজনৈতিক তৎপরতা চালানো বা চালানোর চেষ্টার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন মামলায় নিষিদ্ধ সংগঠনের অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
এমই