ভোলার বোরহানউদ্দিন পৌরসভা কার্যালয়ের প্রধান ফটকের সামনে গভীর রাতে চকলেট বোমাসদৃশ বস্তু বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পৌরসভার সিসিটিভি ক্যামেরায় মুখোশধারী তিন ব্যক্তির গতিবিধি ধরা পড়লেও ঘটনার নেপথ্যের কারণ ও জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে পৌরসভা কার্যালয়ের প্রধান ফটকের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। রাতের নিস্তব্ধতায় বিস্ফোরণের শব্দে এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, বিস্ফোরণের সময় সিসিটিভি ফুটেজে মুখ ঢাকা অবস্থায় তিন ব্যক্তিকে দেখা যায়। বিস্ফোরণ ঘটানোর পরপরই তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। মুখ ঢাকা থাকায় ফুটেজ দেখে তাৎক্ষণিকভাবে তাদের শনাক্ত করা সম্ভব হয়নি।
পৌরসভার নির্বাহী কর্মকর্তা প্রণয় কুমার সাহা বলেন, বিস্ফোরণের ঘটনায় আমরা থানায় লিখিত অভিযোগ করেছি। পুলিশ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এদিকে, ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে পাল্টাপাল্টি বক্তব্য ও উত্তেজনা দেখা দিয়েছে। উপজেলা বিএনপির নেতাদের দাবি, বোরহানউদ্দিনের স্বাভাবিক পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংশ্লিষ্ট ব্যক্তিরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে এ অভিযোগের স্বপক্ষে তাৎক্ষণিকভাবে কোনো প্রমাণ উপস্থাপন করা যায়নি।
বোরহানউদ্দিন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজীল হাওলাদার বলেন, ডিসেম্বরকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সংশ্লিষ্ট ব্যক্তিরা এ ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছে। বোরহানউদ্দিনের শান্ত পরিবেশ বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে।
অন্যদিকে, নাইটগার্ডের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যান পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ও সভাপতি শাকিল মাতব্বর। তারা বলেন, গভীর রাতে বিস্ফোরণ ঘটিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি কিংবা জনজীবন অস্থিতিশীল করার চেষ্টা মেনে নেওয়া হবে না; এ ধরনের অপচেষ্টা প্রতিহত করতে তারা প্রস্তুত রয়েছেন।
বোরহানউদ্দিন থানার ওসি আশ্রাব আলী বলেন, রাত আনুমানিক তিনটার দিকে পৌরসভা কার্যালয়ের সামনে পটকা বা চকলেট বোমাসদৃশ বস্তু বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। সিসিটিভি ফুটেজসহ ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।