হোম > সারা দেশ > বরিশাল

আমতলীতে গ্রামীণ ব্যাংক, কলেজ ও সড়কে আগুন

ছাত্রলীগের ডাকা ধর্মঘট ঘিরে নাশকতার চেষ্টা

উপজেলা প্রতিনিধি, আমতলী (বরগুনা)

নাশকতার চেষ্টা। ছবি: আমার দেশ

বরগুনার আমতলীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে গ্রামীণ ব্যাংকের একটি শাখা, টিয়াখালী কলেজ ও আমতলী-কুয়াকাটা মহাসড়কের একটি স্থানে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা এসব স্থানে আগুন দেয় বলে জানা গেছে। তবে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।

অন্যদিকে, ছাত্রলীগের ডাকা ধর্মঘটে মঙ্গলবার আমতলীতে তেমন কোনো প্রভাব পড়েনি। অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও যানবাহন চলাচল ছিল স্বাভাবিক।

জানা গেছে, দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের ডাক দেয় নিষিদ্ধ ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগ। কর্মসূচিতে শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্পকারখানা, আদালত, সরকারি-বেসরকারি অফিস ও ব্যাংকের লেনদেন বন্ধ রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি সড়কে বাস-ট্রাক ও রেল চলাচল বন্ধ রাখার কথাও বলা হয়।

কেন্দ্র ঘোষিত কর্মসূচি সফল করতে আমতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মতিন খাঁন সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মসূচি পালনের আহ্বান জানান। এর পরিপ্রেক্ষিতে সোমবার দিবাগত গভীর রাতে আমতলী সদর ইউনিয়নের কল্যাণপুর এলাকার গ্রামীণ ব্যাংক শাখা, টিয়াখালী কলেজ এবং আমতলী-কুয়াকাটা মহাসড়কের ফকিরবাড়ী এলাকায় আগুন দেওয়ার ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।

এদিকে, ব্যাংকের সামনে ও সড়কে আগুন এবং কলেজে ব্যানার টানিয়ে তালা দেওয়ার ভিডিও মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

তবে ধর্মঘটের কারণে আমতলীর স্বাভাবিক জীবনযাত্রায় কোনো বিঘ্ন ঘটেনি। প্রতিদিনের মতো অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠানে কার্যক্রম চলেছে। যানবাহনও স্বাভাবিকভাবে চলাচল করেছে। মঙ্গলবার দুপুর আড়াইটা পর্যন্ত কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আমতলী সদর ইউনিয়নের কল্যাণপুর শাখা গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপক দেবরাজ পাল বলেন, ‘কাজ শেষে আমরা অফিস থেকে চলে যাই। পরে গভীর রাতে দুর্বৃত্তরা ব্যাংকের সামনে আগুন দিয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছি।’

টিয়াখালী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. খালেদ মোশাররফ সোহেল কলেজে তালা ও আগুন দেওয়ার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এমএইচ

আমতলীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ছাত্রলীগের ধর্মঘটে কুয়াকাটায় বাসে পেট্রোলবোমা নিক্ষেপ

হাসিনাকে দেশে ফেরাতে কাশবনে স্বেচ্ছাসেবক লীগের শপথ

বিএনপি নেত্রীর রাস্তা দখল, খুলে দিলেন এমপি

চরফ্যাশনে কৃষকের সার পাচার করে মিয়ানমারে বিক্রির অভিযোগ

এক নবজাতকের বাবা দাবি হিন্দু-মুসলিম দুই যুবকের, বরিশালে তোলপাড়

বাবাকে হারিয়ে আইসিইউর দাবিতে রাজপথে ছেলে, পাশে পুরো ভোলাবাসী

মুলাদীতে অবৈধ ৩ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

চাঁদা না পেয়ে ঠিকাদারের মোটরসাইকেল ছিনতাই, বিএনপির ৩ নেতাকর্মী গ্রেপ্তার

বরগুনা পুলিশ লাইনের সামনে বাসে আগুন