বরগুনার আমতলীতে একটি নির্মানাধীন ভবনের সেফটি ট্যাংকের সেন্টারিং খুলতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুজন নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে আমতলী পৌরসভার এ কে স্কুল চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জাহিদুল হাওলাদার (৩৫) ও জাফর হাওলাদার (৫০)।
জাহিদুল উপজেলার হলদিয়া গ্রামের আজিজ হাওলাদারের ছেলে। জাফর হাওলাদার উপজেলার বেতমোর গ্রামের ইউনুস মিয়ার ছেলে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে , নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকের সেন্টারিং খুলতে সকালে রাজমিস্ত্রি জাহিদুল হাওলাদার ট্যাংকের ভেতরে নামেন। কিছুক্ষণের মধ্যেই তিনি চিৎকার শুরু করেন। চিৎকার শুনে তাকে উদ্ধার করতে ওয়ার্কশপের মালিক জাফর হাওলাদার ট্যাংকের ভিতরে নামলে তিনিও অচেতন হয়ে পড়েন।
আমতলী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ট্যাংকের ভেতরের বিষাক্ত গ্যাস নিষ্ক্রিয় এবং ট্যাংক ভেঙে দুই শ্রমিককে উদ্ধার করেন। পরে তাদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আমতলী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আবু হানিফ জানান, সেফটি ট্যাংকের ভেতরে বিষাক্ত কার্বন মনোক্সাইড ও অন্যান্য ক্ষতিকর গ্যাস জমে থাকতে পারে। পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ছাড়া ভেতরে প্রবেশ করায় শ্রমিকেরা দুর্ঘটনার শিকার হয়েছেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন জানান, লাশ দুটি উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমই