বরিশালে যথাযথ মর্যাদায় এবং নানা আয়োজনে পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। বুধবার ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা দিবসের শুভ সূচনা হয়। এরপর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় প্রশাসনের পক্ষে বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান , বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন, রেঞ্জ ডি আই জি মো. মোস্তাফিজুর রহমান, পুলিশ কমিশনার, জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ সর্বস্তরের মানুষ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করেন।
এর পরপরই শহীদ বেদিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সেখানে মানুষের ঢল নামে। অনেকে ব্যক্তিগতভাবেও শ্রদ্ধা জানাতে হাজির হন ফুল নিয়ে।
এ সময় আগতরা বলেন, নতুন প্রজন্মের মাঝে আজকের দিনের তাৎপর্য তুলে ধরতে হবে। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন তারা। এছাড়া আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান আগতরা।
এছাড়া নগরীর ৩০ গোডাউন বদ্ধভূমিতেও প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকাল ৮টায় বরিশাল বেলস্ পার্ক মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
এছাড়া দিবসটি উপলক্ষে আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।