হোম > সারা দেশ > বরিশাল

বাবাকে হারিয়ে আইসিইউর দাবিতে রাজপথে ছেলে, পাশে পুরো ভোলাবাসী

১৬ দিন ধরে হাসপাতালের সামনে আন্দোলন

ইউনুছ শরীফ, ভোলা

বাবার মৃত্যুর পর ছেলে হাসনাইন আহমেদ নয়নের একা শুরু করা আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) স্থাপনের আন্দোলন এখন পুরো ভোলাবাসীর প্রাণের দাবিতে পরিণত হয়েছে। ২৫০ শয্যাবিশিষ্ট ভোলা সদর হাসপাতালে আইসিইউ স্থাপনের দাবিতে টানা ১৬ দিন ধরে চলা এ মানববন্ধনে প্রতিদিনই একাত্মতা ঘোষণা করে যোগ দিচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিচ্ছিন্ন দ্বীপ জেলা ভোলার সঙ্গে দেশের মূল ভূখণ্ডের সরাসরি সড়ক যোগাযোগ না থাকায় জরুরি চিকিৎসায় আইসিইউ সুবিধা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন ধরে দাবি উঠলেও তা বাস্তবায়ন হয়নি। ফলে আইসিইউ সাপোর্টের অভাবে প্রায়ই রোগীর মৃত্যু ঘটছে।

জানা গেছে, গত ২৩ অক্টোবর ভোলা ওয়েস্টার্নপাড়ার বাসিন্দা সিদ্দিকুর রহমান আইসিইউ সাপোর্টের অভাবে সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন। বাবার দাফনের পরপরই প্রতিবাদস্বরূপ ফেস্টুন হাতে হাসপাতালের সামনে একাই মানববন্ধনে দাঁড়িয়ে যান তার ছেলে নয়ন। ঘোষণা দেন, হাসপাতালে আইসিইউ স্থাপন না হওয়া পর্যন্ত তিনি এ কর্মসূচি চালিয়ে যাবেন।

নয়নের এ ব্যতিক্রমী প্রতিবাদের ১৬তম দিনেও হাসপাতালের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে সংহতি প্রকাশ করে অংশ নেন ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ ও সদস্য সচিব মুনতাসির আলম রবিন চৌধুরী। এছাড়া মাছুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কাজী আঞ্জুম ও মাসুমা খানমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে যোগ দেন।

এ বিষয়ে ভোলা জেলা প্রশাসক শামীম রহমান বলেন, ‘আমি এই যৌক্তিক দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। বিচ্ছিন্ন এ দ্বীপের মানুষের চিকিৎসায় আইসিইউর পাশাপাশি সিসিইউ স্থাপনও জরুরি। এ বিষয়ে সরকারের কাছে লিখিত প্রস্তাব পাঠানো হয়েছে।’

ভোলার সিভিল সার্জন ডা. মু. মনিরুল ইসলাম জানান, ভোলার মানুষের আইসিইউ ও সিসিইউর দাবি অত্যন্ত যৌক্তিক। পূর্ণাঙ্গ জনবল ও সরঞ্জামসহ এটি দ্রুত স্থাপন করা জরুরি। পাশাপাশি হাসপাতালের চিকিৎসক সংকট নিরসনেও নজর দেওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

মুলাদীতে অবৈধ ৩ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

চাঁদা না পেয়ে ঠিকাদারের মোটরসাইকেল ছিনতাই, বিএনপির ৩ নেতাকর্মী গ্রেপ্তার

বরগুনা পুলিশ লাইনের সামনে বাসে আগুন

এক ইলিশের দাম ১২ হাজার টাকা

গোপনে নারীদের ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবক দল নেতা আটক

পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনতাই

টিকটক করতে বাধা দেওয়ায় মাদরাসা ছাত্রীর আত্মহত্যা

বরগুনায় নিখোঁজের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার

কুয়াকাটায় বেড়াতে এসে প্রাণ গেল নারী চিকিৎসকের, আহত ১

প্রদীপের আলোয় আলোকিত এশিয়ার অন্যতম বৃহৎ বরিশালের কাউনিয়া মহাশ্মশান