বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করেছে। সব পদেই জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেলের প্রার্থীদের বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করেছেন তারা।
গণনা শেষে শুক্রবার ভোর রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এ সময় বিজয়ী প্রার্থী ও তাদের সমর্থকদের আনন্দ-উল্লাস করতে দেখা যায়।
নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত নীল দলের মো. আবুল কালাম আজাদ-১ মোট ৪৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী সমর্থিত সাদা দলের মো. সালাউদ্দিন মাসুম পেয়েছেন ৩০৪ ভোট। সহ-সভাপতির দুটি পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে শেখ মেহেদী হাসান শাহীন ৪৮৯ ভোট পেয়ে এবং সৈয়দ মাসুম মিয়া রেজা ৪২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
সম্পাদক পদে ৪৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির আবুল কালাম আজাদ ইমন। অন্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী শেখ ইমরান কবির মাসুদ পেয়েছেন ৩৩৬ ভোট এবং জামায়াত সমর্থিত প্রার্থী মো. ফরিদ উদ্দিন পেয়েছেন ২৮৫ ভোট।
অর্থ-সম্পাদক পদে মো. জাহিদুল ইসলাম পান্না ৪৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জাকির হোসেন পেয়েছেন ৩৬১ ভোট।
যুগ্ম-সম্পাদকের দুটি পদে মো. তারেক আল ইমরান ৪৬২ ভোট ও সাইদুর রহমান সোহেল ৪০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
নির্বাহী সদস্যের চারটি পদে ৮ জন প্রার্থীর মধ্যে ৬৭৫ ভোটে মো. হারুন অর রশিদ প্রথম, ৫১৫ ভোটে গোলাম মোর্তজা তপু দ্বিতীয়, ৪৪৯ ভোটে পারভেজ বেপারী তৃতীয় এবং ৪০৬ ভোট পেয়ে চতুর্থ নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন মো. সাইফুল আলম।
নির্বাচন উপ-পরিষদের আহ্বায়ক এস এম সাদিকুর রহমান লিংকন বলেন, ‘বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ করা হয়। এবারের নির্বাচনে ৯৭৩ জন ভোটারের মধ্যে ৬৭৮ জন ভোট দিয়েছে।
তবে এবারের নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী এবং বামপন্থি আইনজীবীরা প্রতিদ্বন্দ্বিতা করেননি। এমনকি বৃহস্পতিবার তাদের ভোট দিতে কেন্দ্রে আসতেও দেখা যায়নি।