বিদ্যুৎ সরবরাহ ব্যাহত
ভোলার তজুমদ্দিনে আকস্মিক কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বসতবাড়ি ও মুরগির খামারসহ ব্যাপক ক্ষতির হয়েছে । এ ছাড়া কয়েক জায়গায় গাছ উপড়ে পড়ার ফলে পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে উপজেলার মানুষ।
২৬ মে মঙ্গলবার বিকেরে হঠাৎ শুরু হওয়া প্রবল ঝড় ও দমকা হাওয়ায় উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আড়ালিয়া গ্রামে কয়েকটি বসতঘর ও মুরগীর খামার লণ্ডভণ্ড হয়ে গেছে। এছাড়া উপজেলার শম্ভুপুর, চাঁদপুরসহ কয়েকটি ইউনিয়নে সড়কে গাছ উপড়ে পড়ার খবর পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঝড়ের তীব্রতায় বেশ কয়েকটি বসতঘরের টিনের চালা উড়ে গেছে এবং গাছ ভেঙে পড়েছে। একই সঙ্গে গ্রামের বিভিন্ন খামারেরও ব্যাপক ক্ষতি হয়েছে। আড়ালিয়া গ্রামের বাসিন্দা আব্দুর রহমান আব্বাসের মুরগির খামার, কাশেম মাঝির বসতঘরসহ কয়েকটি পরিবারের ঘর-বাড়ি দুমড়ে-মুচড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়।
ক্ষতিগ্রস্ত খামারি আব্দুর রহমান আব্বাস জানান, আকস্মিক এই কালবৈশাখীতে তার খামারের অবকাঠামো, টিনশেড ও বিভিন্ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৮ থেকে ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মো. বনি আমিন। তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারদের ৩০ কেজি চাল ও ৫ থেকে ৬ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়ার কথা বলেন। এছাড়া ইউনিয়ন পরিষদের মাধ্যমেও ক্ষতিগ্রস্তদের সহায়তার করা হবে বলে জানান তিনি।
চলতি মৌসুমে কালবৈশাখীর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আতঙ্কে রয়েছেন এ উপকূলের বাসিন্দারা। তারা প্রশাসনের কাছে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা ও প্রয়োজনীয় সহায়তার দাবি জানান উপকূলবাসী ।
এমএইচ