হোম > সারা দেশ > বরিশাল

জিয়ানগরে ট্রাকচালক মাজহারুল গ্রেপ্তার

পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতাকে চাপা দিয়ে হত্যা

উপজেলা প্রতিনিধি, জিয়ানগর (পিরোজপুর)

ছবি: আমার দেশ

গাজীপুরের কালীগঞ্জে ট্রাকচাপায় পুলিশের দুই সদস্য ও এক বিএনপি নেতাকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ট্রাকচালক মাজহারুল ইসলামকে (২৫) পিরোজপুরের জিয়ানগর থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮।

শুক্রবার দুপুরে এসআরবি-৮ বরিশালের সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার সাথী আক্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে জিয়ানগর উপজেলার টগড়া-চরখালী ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-৮ বরিশাল ও এসআরবি-১ গাজীপুরের একটি যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর রাত আড়াইটার দিকে কালীগঞ্জ শ্রমিক কলেজের প্রধান ফটকের পশ্চিম পাশে টঙ্গী-ঘোড়াশাল মহাসড়কে চোর সন্দেহে দুই ব্যক্তিকে তল্লাশি করছিলেন কালীগঞ্জ থানার পুলিশ সদস্যরা। এ সময় সেখানে উপস্থিত হন কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা (৪৫)।

পরে রাত আনুমানিক ৩টা ৩৫ মিনিটে টঙ্গী থেকে ঘোড়াশালগামী দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ সদস্য ও বিএনপি নেতাকে সজোরে ধাক্কা দেয়। এতে পুলিশ সদস্য জাবেদ ওমর ও কনস্টেবল ফজলে রাব্বি গুরুতর আহত হন এবং ট্রাকটি রফিকুল ইসলাম মোল্লার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এ সময় ট্রাকটি থামানোর চেষ্টা করেন উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান। কিন্তু চালক ট্রাকের গতি বাড়িয়ে তাঁকে সামনের অংশে ঝুলন্ত অবস্থায় প্রায় ৫০০ গজ টেনেহিঁচড়ে ফেলে পালিয়ে যান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টা ৪৭ মিনিটে মারা যান এসআই মিজানুর রহমান।

এ ঘটনায় কনস্টেবল আনোয়ার হোসেন বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এসআরবি-৮-এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার সাথী আক্তার জানান, চাঞ্চল্যকর এই হত্যা মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তারে এসআরবি-১ ও এসআরবি-৮-এর যৌথ দল সফল অভিযান পরিচালনা করে।

জিয়ানগর থানার ওসি মহব্বত খান জানান, গ্রেপ্তারের পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এসআরবি সদস্যরা মাজহারুল ইসলামকে থানায় হস্তান্তর করেছেন। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে।

এমএইচ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়

বানারীপাড়ায় বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

ইউপি নির্বাচন করতে চাকরি থেকে প্রধান শিক্ষকের পদত্যাগ

সিলেটে পরকীয়ার জেরে স্ত্রী হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

কাউখালীর আশ্রমে দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কমিটি স্থগিত

ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার

আমতলীতে গ্রামীণ ব্যাংক, কলেজ ও সড়কে আগুন

আমতলীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার