হোম > সারা দেশ > বরিশাল

মহিপুরে জেলেদের ৩৬ টন চাল আত্মসাতের অভিযোগ

ভিজিএফ চাল বিতরণে অনিয়ম

প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)

ছবি: আমার দেশ

পটুয়াখালীর মহিপুর থানাধীন ধুলাসার ইউনিয়নে জেলেদের জন্য বরাদ্দকৃত বিশেষ ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও লুটপাটের অভিযোগ উঠেছে। সরকারের নির্ধারিত ৮০ কেজি চালের বিপরীতে জেলেদের দেওয়া হচ্ছে মাত্র ৪৮ থেকে ৫৮ কেজি করে চাল।

মঙ্গলবার (৭ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, ইউনিয়ন পরিষদে চাল বিতরণের সময় দরিদ্র জেলেদের কার্ড আটকে রেখে স্লিপের মাধ্যমে কম পরিমাণ চাল নিতে বাধ্য করা হচ্ছে। জেলেরা ভয়ে প্রকাশ্যে কিছু বলতেও সাহস পাচ্ছেন না।

অভিযোগ রয়েছে, প্রতি জেলেকে ২০ থেকে ৩০ কেজি পর্যন্ত চাল কম দেওয়া হচ্ছে। এমনকি ৩০ ও ৫০ কেজির বস্তাতেও অতিরিক্ত ২ থেকে ৩ কেজি ওজনে কম দেওয়া হচ্ছে। এছাড়া চাল পরিবহনের খরচের কথা বলে জনপ্রতি নগদ ১০০ টাকা করে আদায় করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

জানা গেছে, জাটকা সংরক্ষণ কর্মসূচির আওতায় ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত চার মাসে নিবন্ধিত জেলেদের প্রতি মাসে ৪০ কেজি করে চাল বরাদ্দ দেয় সরকার। এর অংশ হিসেবে প্রথম দুই মাসের ৮০ কেজি চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। ধুলাসার ইউনিয়নে ১,৪৫০ জন জেলের জন্য এই চাল বরাদ্দ দেওয়া হয়। কিন্তু প্রত্যেক জেলকে ২২ থেকে ৩২ কেজি করে চাল কম দেওয়া হয়েছে। এতে মোট প্রায় ৩৬ মেট্রিক টন চাল আত্মসাতের ঘটনা ঘটেছে বলে দাবি করছেন স্থানীয়রা।

কাউয়ারচর গ্রামের জুয়েল হাওলাদার বলেন, ‘আমারে ৩০ কেজির দুইটা বস্তা দিছে, কিন্তু প্রতিটাতেই অন্তত দেড় কেজি করে কম।’ রেজাউল নামে আরেক জেলে বলেন, ‘৫০ কেজির বস্তা পাইছি, তাতেও প্রায় ২ কেজি কম।’

এছাড়া মতি মোল্লা, চান মিয়া মল্লিক, দুলাল বয়াতি ও দুলাল গাজীসহ অনেকেই একই ধরনের অভিযোগ করেন। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কইলে কী অইবে। কেউ অ্যাগো বিচার করে না। গরিব-ক্ষয়রাতির চাউল চুরি করছে। লজ্জাও নাই।’

এ বিষয়ে কথা বলতে ধুলাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রহিমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, বিষয়টি তিনি গণমাধ্যমের মাধ্যমে জেনেছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনো কিছু চাল বিতরণ করা হয়নি বলে তিনি জানান।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ইয়াসীন সাদেক জানান, বিষয়টি তিনি জেনেছেন। চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সরকারি সহায়তা কর্মসূচির এই চাল বিতরণে অনিয়মের অভিযোগে স্থানীয় জেলেদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। বিষয়টি দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

১৩ বছরে শতাধিক কুমির শাবকের মৃত্যু

বানারীপাড়ায় সন্ধ্যা নদীর চর বিক্রি করছে প্রভাবশালী চক্র

বাকেরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১১

চরফ্যাশনে ব্যবসায়ীর বাড়ি থেকে ৮৯০ লিটার ডিজেল জব্দ

তালতলীতে অস্তিত্ব সংকটে ৭১ খাল, বিপাকে স্থানীয় কৃষকরা

বরিশালে কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা

তিন সন্তান নিয়ে রাজিয়ার মানবেতর জীবনযাপন

ভোলায় জামায়াতের নারী কর্মী গ্রেপ্তার

টেংরাগিরি কুমির প্রজনন কেন্দ্রে শতাধিক শাবকের মৃত্যু

জেলের জালে ধরা পড়ল ২৮ লাখ টাকার লাক্ষা মাছ