মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড বরিশাল এর উদ্যোগে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষার কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় এ সভা শুরু হয়।
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বরিশাল অঞ্চলের কেন্দ্র সচিদের নিয়ে এ মতবিনিময় সভা ডাকা হয়েছে। সভায় উপস্থিত কেন্দ্র সচিদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড বরিশালের চেয়ারম্যান অধ্যক্ষ মো. ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বরিশাল ৫ আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. তৌফিক আলম, বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নূরুল হকসহ বরিশালের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
এর আগে সভায় যোগদানের উদ্দ্যেশে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা সোমবার রাতে ঢাকা থেকে লঞ্চযোগে রওয়ানা দিয়ে মঙ্গলবার সকালে বরিশালে পৌঁছান।