হোম > সারা দেশ > বরিশাল

কাঁঠালিয়ায় এক দশকেও মেরামত হয়নি ভাঙা সেতু

ফয়সাল আহম্মদ, কাঁঠালিয়া (ঝালকাঠি)

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের নেয়ামতপুর গ্রামে প্রায় এক দশক ধরে ভেঙে খালে পড়ে থাকা একটি সেতুর কারণে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। গ্রামটির প্রধান সড়ক যোগাযোগের গুরুত্বপূর্ণ এই সেতু দীর্ঘদিন অচল অবস্থায় থাকলেও সংস্কার কিংবা পুনর্নির্মাণে কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৯ থেকে ১০ বছর আগে সেতুটি ভেঙে খালে পড়ে যায়। এরপর দীর্ঘসময় কোনো সরকারি সহায়তা না পেয়ে এলাকাবাসী নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে একটি কাঠের সাঁকো নির্মাণ করেন। সম্প্রতি সাঁকোটিও ক্ষতিগ্রস্ত হলে গ্রামবাসী আবারও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তা মেরামত করে কোনোভাবে চলাচল সচল রেখেছেন। তবে ঝুঁকিপূর্ণ এ সাঁকো দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে শিশু, শিক্ষার্থী, নারী ও বয়স্কদের।

এলাকাবাসী জানান, সেতু দিয়ে প্রতিদিন অন্তত চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী ও শিক্ষক যাতায়াত করেন। এছাড়া কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য এবং নিত্যপ্রয়োজনীয় কাজে এ সেতুই এলাকার মানুষের প্রধান ভরসা। সামান্য বৃষ্টিতেই দুর্ভোগ আরো বেড়ে যায় এবং চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠে।

নেয়ামতপুর গ্রামের বাসিন্দা নাইম মোল্লা বলেন, বিগত ৯-১০ বছর ধরে সেতুটি ভেঙে পড়ে আছে। সংস্কারের দাবিতে বিভিন্ন সরকারি দপ্তরে যোগাযোগ করেও কোনো ফল পাইনি। দুঃখজনক হলেও সত্য, স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষ থেকেও সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি।

দীর্ঘদিনের এ ভোগান্তি থেকে মুক্তি পেতে ভেঙে পড়া সেতুটি অপসারণ করে দ্রুত একটি টেকসই ও আধুনিক সেতু নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, সেতুটি ভেঙে পড়ার পর থেকে এলাকাবাসী চরম দুর্ভোগে রয়েছে। বিষয়টি একাধিকবার উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকৌশলীর দপ্তরকে অবহিত করা হয়েছে। কিন্তু অজ্ঞাত কারণে এখনো সেতুটি সংস্কার কিংবা নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি।

এ বিষয়ে কাঁঠালিয়া উপজেলা প্রকৌশলী গোলাম মোস্তফা বলেন, সেতুটি ডিপিপিভুক্ত করা হয়েছে। অনুমোদন পাওয়া সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পটিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০

আমতলীতে ১৯০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

বরিশালে ডিবি পুলিশের অভিযানে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

লালমোহনে নদীতে ভেসে আসা লাশের সন্ধান মিলেছে

ভোলায় ৪০০ কোটি টাকার বিদ্যুৎ প্রকল্প চালু নিয়ে লিগ্যাল নোটিশ

দুমকিতে আছিয়ার দুই দশকেও জোটেনি বিধবা ভাতা

তজুমদ্দিনের স্টেডিয়াম মাদকসেবীদের দখলে

৯৯৯ ফোন পেয়ে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ

দৌলতখানে ৯৯৯-এ ফোন পেয়ে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার