হোম > সারা দেশ > বরিশাল

চুরির অপবাদ সইতে না পেরে অটোরিকশাচালকের বিষপানে মৃত্যু

উপজেলা প্রতিনিধি, নেছারাবাদ (পিরোজপুর)

পিরোজপুরের নেছারাবাদে চুরির অভিযোগে ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে মারধরের পর অপমান সইতে না পেরে আব্দুল্লাহ আল মামুন সবুজ (৩৩) নামের এক অটোচালক বিষপানে মারা গেছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার রাত ৮টার দিকে বরিশালের শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সবুজ উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বালিয়াড়ি গ্রামের হুমায়ুন কবির খানের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।

নিহতের মা শাহিদা বেগম অভিযোগ করে বলেন, ‘আমার ছেলে অটোরিকশা চালিয়ে সংসার চালাত। গত ১ মার্চ সকাল ১০টার দিকে গ্রাম চৌকিদার মো. হানিফ, স্থানীয় দোকানদার রুবেল ও আব্দুল হাই তাকে সুটিয়াকাঠি ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে যান। বেলা ৩টার দিকে আমাদের ও তার শ্বশুরবাড়িতে ফোন করে জানানো হয়, সে নাকি দুটি দোকান থেকে সিগারেট ও টাকা চুরি করেছে। আমরা গিয়ে দেখি, তাকে বেদম পিটিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাড়িতে ফিরে লজ্জা ও কষ্টে সে বিষ পান করে।’

নিহতের স্ত্রী সুমি বেগম বলেন, ‘আমার স্বামী চোর নয়। জোর করে তাকে নিয়ে গিয়ে মারধর করে চুরির স্বীকারোক্তি আদায় করা হয়েছে। আমার বাবার সামনেও তাকে মারধর করা হয়। পাঁচ বছর বয়সি ছেলে জুনায়েদের মাথায় হাত রেখে জিজ্ঞেস করলে সে বলেছিল, সে চুরি করেনি। মিথ্যা অপবাদ সইতে না পেরে সে আত্মহত্যা করেছে। আমি এর বিচার চাই।’

এ বিষয়ে ওয়ার্ড চৌকিদার মো. হানিফ বলেন, ‘সবুজ তার বাড়ির পাশের দুই দোকানে চুরির কথা প্রকাশ্যে স্বীকার করেছে। ইউনিয়ন পরিষদে এনে তার বিচার করা হয়েছে। পরে শুনেছি সে বাড়িতে গিয়ে বিষ খেয়েছে। এর জন্য আমরা কী করতে পারি’ বলে ফোনটি কেটে দেন তিনি।

সুটিয়কাঠি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শানু বলেন, সে চুরির কথা স্বীকার করেছিল। উপস্থিত উত্তেজিত জনতা কয়েকটি কিল-ঘুসি দিয়েছে। লজ্জা ও মানসিক কষ্টে আত্মহত্যা করে থাকতে পারে।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, আব্দুল্লাহ আল মামুন সবুজ নামে এক যুবকের লাশ বরিশালে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, রোববার ইফতারের সময় বিষ পান করেন। সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কেউ দোষী হলে ছাড় পাবে না। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা

ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নিষিদ্ধ আ.লীগের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে পিরোজপুরে বিএনপি-ছাত্রদলের বিক্ষোভ

উজিরপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নেছারাবাদে আগুনে পুড়ল দোকান ও বসতঘর, কোটি টাকার ক্ষতি

কাউখালীতে শ্রীগুরু সংঘের কমিটিতে বিতর্কিতদের অন্তর্ভুক্তির অভিযোগ

নামাজ না পড়ায় নাতনি-জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ

বিষখালীর ভাঙনে বিলীন হওয়ার পথে রুপারজোর গ্রাম

আগামীর বিশ্বে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে: শিক্ষামন্ত্রী

ভোলার মহিষের দুধের বিখ্যাত টক দই