পটুয়াখালীর মির্জাগঞ্জে নবদিগন্ত যাত্রীবাহী বাসের ধাক্কায় এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।
বুধবার বাকেরগঞ্জ-বরগুনা মহাসড়কে উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের রাঢ়ীবাড়ির সামনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম তৈয়ব আলী মীর (৬০)। তিনি পার্শ্ববর্তী বেতাগী উপজেলার ছোপখালী গ্রামের নাজেম আলী মীরের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকালে বরগুনা থেকে ঢাকাগামী নবদিগন্ত পরিবহনের সঙ্গে ধাক্কা লেগে একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে অটোরিকশার চালক ও যাত্রী দুজনেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক তৈয়ব আলীকে মৃত ঘোষণা করেন। যাত্রী পিয়ারা বেগমকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মির্জাগঞ্জ থানার ওসি আব্দুস সালাম বলেন, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। বাসের চালককে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
এমএইচ