সাংবাদিকদের সরোয়ার
বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন, ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ৬ লেন মহাসড়ক নির্মাণের দাবিতে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি। এ বিষয়ে জাতীয় সংসদেও কথা বলেছি। বরিশাল-কুয়াকাটা ৬ লেন মহাসড়ক, ভোলায় সেতু নির্মাণ এবং দক্ষিণাঞ্চলের শিল্পায়নের স্বার্থে গ্যাস সরবরাহের দাবি তুলে ধরেছি। বরিশাল অঞ্চলের বিএনপির ১৮ এমপিসহ সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করে এসব দাবি বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
শনিবার দুপুর ২টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মজিবর রহমান সরোয়ার বলেন, জোট সরকারের সময় পদ্মা সেতুসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের দাবিতে মাওয়া প্রান্তের চর জানাজাতে ২১ জেলার মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন করা হয়েছিল। এত বড় বাজেটের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ আওয়ামী লীগ নিয়ে গেছে বলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন।
ছাত্র-রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, দেশে বর্তমানে একটি কলেজেও ছাত্র সংসদ নেই। ছাত্র সংসদ না থাকলে নতুন নেতৃত্ব তৈরি হবে কীভাবে। তিনি আক্ষেপ করে বলেন, ৫ আগস্টের পর দেশে যে পরিবর্তন হওয়ার কথা ছিল, তা হয়নি। সেই কমিটমেন্ট কোথায়?
এনসিপি প্রসঙ্গে তিনি দাবি করেন, বর্তমানে এনসিপি পাঁচ-দশ হাজার লোকও একত্র করতে পারবে না। মুক্তিযুদ্ধের চেতনার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, যে-ই রাজনীতি করুক, তাকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে। তরুণ প্রজন্মকে এ বিষয়ে সচেতন হতে হবে। যারা স্বাধীনতা যুদ্ধে অংশ নেননি, তাদেরও স্বাধীন দেশের সুফল ভোগের সমান অধিকার রয়েছে।
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও দক্ষিণাঞ্চলের অগ্রগতির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই বাংলাদেশকে আরও উন্নত অবস্থানে পৌঁছে দেওয়া সম্ভব।
এএস