জেলা প্রশাসন, পুলিশ ও বিদ্যালয় কর্তৃপক্ষের কোনো ধরনের অনুমতি ছাড়াই ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বাণিজ্য মেলার আয়োজন চলছে। সরকারি পরিপত্র উপেক্ষা করে শিক্ষার্থীদের একমাত্র খেলার মাঠে স্টল নির্মাণ ও মালামাল আনা হলেও প্রশাসন বলছে, তারা এখনো কোনো আবেদনই পায়নি। এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
সরেজমিনে ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আবদুর রশিদের মালিকানাধীন ‘মেসার্স আবদুল্লাহ ট্রেডার্স’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই মেলার আয়োজন করছে। উদ্বোধনের তারিখ এখনো ঘোষিত না হলেও মাঠে জোরেশোরে স্টল নির্মাণ এবং ট্রাকে করে মালামাল আনার কাজ চলছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের এই মাঠটি শিক্ষার্থীদের একমাত্র খেলার মাঠ। মাঠটির চারপাশে ওয়াকওয়ে থাকায় প্রতিদিন কয়েক হাজার নারী-পুরুষ সেখানে হাঁটাহাঁটি করেন। শিশুদের খেলার সরঞ্জাম, বসার স্থান, শহীদ মিনার ও সুইমিং পুল থাকায় বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত শিশু ও অভিভাবকদের পদচারণে মাঠটি মুখর থাকে।
সরকারি নীতিমালা অনুযায়ী, ২০২৪ সালের স্থানীয় ও আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজন-৫ পরিপত্রের (চ) ধারায় স্পষ্ট উল্লেখ রয়েছে, ‘কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে মেলার আয়োজন করা যাবে না।’ এ বিধান থাকা সত্ত্বেও গত বছরও একই মাঠে মেলা বসানো হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
বিদ্যালয়ের শিক্ষার্থী তন্ময়, তালহা, সামিক ও হীরা জানায়, খেলাধুলার জন্য এটিই তাদের একমাত্র মাঠ। সামনে বৃত্তি পরীক্ষা, বই উৎসব ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা রয়েছে। মাঠে মেলার আয়োজন হলে এসব সহশিক্ষা কার্যক্রম ব্যাহত হবে। গত বছরও তারা এর বিরোধিতা করে মেলা বন্ধ করতে পারেনি।
এদিকে এ আয়োজনে স্থানীয় ব্যবসায়ীরাও ক্ষতির আশঙ্কা করছেন। ভোলা জিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বলেন, ‘শীতের মৌসুমে স্থানীয় ব্যবসায়ীরা কিছুটা লাভের আশা করেন। কিন্তু বাইরে থেকে লোকজন এসে এভাবে মেলা বসালে ভোলার ব্যবসায় ধস নামবে। গত বছরও আমরা ব্যাপক লোকসানের মুখে পড়েছিলাম। আমরা এই মেলা বন্ধের দাবি জানাই।’
অনুমতি ছাড়া কীভাবে মেলার প্রস্তুতি চলছে—জানতে চাইলে আয়োজকদের একজন মাহবুব কোনো সদুত্তর দিতে পারেননি। তিনি বলেন, ‘আমি ঢাকায় আছি, ভোলায় ফিরে সরাসরি কথা বলব।’
ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান বলেন, ‘জেলা প্রশাসনের পক্ষ থেকে মেলার বিষয়ে আমাদের মতামত চাওয়া হয়েছিল। সামনে বার্ষিক পরীক্ষা, বই উৎসব ও ক্রীড়া প্রতিযোগিতা থাকায় আমরা স্পষ্টভাবে ‘না’ লিখে দিয়েছি।’
ভোলা প্রেসক্লাবের সভাপতি ও বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক অ্যাডভোকেট নজরুল হক অনু বলেন, ‘আইন অমান্য করে স্কুল মাঠে মেলার আয়োজন অত্যন্ত দুঃখজনক। শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় সবার এগিয়ে আসা উচিত।’
এ বিষয়ে ভোলার পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওসার বলেন, ‘জেলা প্রশাসকের পক্ষ থেকে আমাদের কাছে মতামত চাওয়া হয়েছে। আমরা এখনো কোনো মতামত দিইনি।’
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন, ‘নিয়ম অনুযায়ী আমরা এখনো মেলা কর্তৃপক্ষের কাছ থেকে কোনো আবেদনই পাইনি, তাই অনুমতি দেওয়ার প্রশ্নই আসে না। আবেদন পেলে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।’ অনুমতি ছাড়া কীভাবে স্টল নির্মাণ চলছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সবকিছু তো আমার নিয়ন্ত্রণে নয়। বলতে পারেন অনুমতি ছাড়াই আয়োজন হচ্ছে।’