হোম > সারা দেশ > বরিশাল

কুয়াকাটায় পর্যটকদের জন্য ভয়ের কারণ কংক্রিটের ফাঁদ

মাইনুদ্দিন আল আতিক, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর সাগরকন্যা খ্যাত কুয়াকাটা সৈকতে জিরো পয়েন্ট ও আশপাশের এলাকায় দেখা দিয়েছে কংক্রিটের ফাঁদ। জোয়ারে তলিয়ে যাওয়ার পর এ ফাঁদ যেনো পর্যটকদের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ ফাঁদে পড়ে দুর্ঘটনা ঘটলেও বিচ ম্যানেজমেন্ট কমিটি কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। এমনকি বিপজ্জনক এলাকা চিহ্নিত করে সতর্কীকরণ সাইনবোর্ডও স্থাপন করা হয়নি। ট্যুরিস্ট পুলিশের বক্স থাকলেও নেই দৃশ্যমান কোনো পদক্ষেপ।

জানা গেছে, ২০০৭ সালের ঘূর্ণিঝড় ‘সিডর’ ও ২০০৯ সালে ‘আইলা’র আঘাতে সৈকতসংলগ্ন এলজিইডির একটি বাংলো বিধ্বস্ত হয়ে যায়। পরে ভবনটি অপসারণ করা হলেও গাইডওয়াল, পিলার ও অন্যান্য কংক্রিটের অংশ বালুর নিচে রয়ে যায়। এছাড়া সাগরে বিলীন হওয়া পাবলিক টয়লেট, জাতীয় উদ্যানের গেট, টাওয়ার, চেয়ার-বেঞ্চ, বাউন্ডারি ওয়ালসহ বিভিন্ন স্থাপনার ধ্বংসাবশেষ এখনো সৈকতের বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছে।

প্রতিদিন জিরো পয়েন্ট ও এর আশপাশে হাজার হাজার পর্যটক সমুদ্রে গোসল করতে নামেন। বিশেষ করে জোয়ারের সময় ঢেউয়ের সঙ্গে আনন্দে মেতে ওঠেন তারা। কিন্তু অনেকেই বুঝতে পারেন না যে পানির নিচেই লুকিয়ে আছে কংক্রিটের ভাঙা অংশ এবং জংধরা রড। ফলে আনন্দঘন মুহূর্ত অনেক সময় দুর্ঘটনায় পরিণত হচ্ছে।

প্রায় দেড় বছর আগে সৈকত এলাকায় কংক্রিটের আঘাতে অচেতন স্রোতে তলিয়ে মারা যান মাগুরার হাজিপুর পশ্চিম বাড়িয়াল এলাকার বাসিন্দা মিয়া সামাদ সিদ্দিকী ওরফে পারভেজ (১৭)।

ঘুরতে আসা দর্শনার্থী মাহতাব হাওলাদার বলেন, এ ধরনের দুর্ঘটনা এড়াতে এখনই কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। পর্যটকদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত।

ব্যবসায়ী সোহেল মাহমুদ বলেন, প্রতিদিনই পর্যটকরা শ্যাওলাধরা জিওটিউবে পা পিছলে পড়ে আহত হচ্ছেন। এছাড়া গোসলের সময় কংক্রিটের ভাঙা অংশে অনেকের পা কেটে যাচ্ছে, নখ উঠে যাচ্ছে। জোয়ারের সময় এ ঝুঁকি আরো বেড়ে যায়। তাই দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

কুয়াকাটা পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক বলেন, পর্যটকদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেডএম

জমি বিরোধের জেরে যুবককে হত্যা, গ্রেপ্তার ১

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অতিরিক্ত সচিব শামীমুজ্জামান

জিয়ানগরে পরকীয়ার জেরে শাশুড়িকে হত্যার অভিযোগ

আমরা আমাদের মতো করে এই দেশের উন্নয়ন করব: স্পিকার

আমার নাম ও ছবি ব্যবহার করে কেউ সুবিধা নিলে দায়ভার তার

গোপালগঞ্জের সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনকে দাফন

উজিরপুরে সড়কের কাজ শেষের আগেই কালভার্ট নির্মাণের দাবি

ঈদের দ্বিতীয় দিনেও আশানুরূপ পর্যটক নেই কুয়াকাটায়

ঈদে ফেরা হলো না ঘরে, সড়কেই নিভল এক পরিবারের ৩ জনের প্রাণ

মির্জাগঞ্জে প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার