পিরোজপুরের জিয়ানগর ব্রিজ-সংলগ্ন বলেশ্বর নদে মাছ ধরার ট্রলার থেকে নদীতে পড়ে মাহালুম বেপারী (৬০) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।
শনিবার সকাল আনুমানিক ১০টায় এ ঘটনা ঘটে। নিখোঁজ মাহালুম বেপারী বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার পূর্ব চণ্ডীপুর গ্রামের বুরজুক আলী বেপারীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ‘মায়ের দোয়া’ নামের একটি মাছ ধরার ট্রলার নিয়ে জিয়ানগর ব্রিজের ৩ নম্বর পিলারের নিচ থেকে সাগরে মাছ ধরার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতিকালে অসাবধানতাবশত মাহালুম বেপারী ট্রলার থেকে বলেশ্বর নদে পড়ে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন।
ট্রলারের মাঝি হাফিজুল বেপারী জানান, সকাল ১০টায় ট্রলার নিয়ে সাগরে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় হঠাৎ মাহালুম বেপারী নদীতে পড়ে যান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা করা হলেও তিনি পানিতে তলিয়ে যান।
ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ জেলের কোনো সন্ধান পাওয়া যায়নি।
জিয়ানগর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা নুরুজ্জামান বলেন, ‘আমাদের উদ্ধার অভিযান চলমান রয়েছে। বরিশাল থেকে ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। তারা পৌঁছানোর পর আরও ব্যাপকভাবে উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।’
এমএইচ