বরিশালের উজিরপুরে নিজ বাড়িতে বৈদ্যুতিক সংযোগ স্থাপনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আঃ রহিম হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বড়াকোঠা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গাজীরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের ভাতিজা আরিফ জানান, সন্ধ্যায় বাড়িতে বৈদ্যুতিক সংযোগ স্থাপনের জন্য হোল্ডারে প্লাগ সংযুক্ত করছিলেন তার চাচা আঃ রহিম হাওলাদার। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত আঃ রহিম হাওলাদার বড়াকোঠা ইউনিয়নের গাজীরপাড় এলাকার বাসিন্দা। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।