হোম > সারা দেশ > বরিশাল

সামান্য বৃষ্টিতেই উঠে যাচ্ছে পৌর শহরের নতুন সিলকোট, ক্ষোভ স্থানীয়দের

জেলা প্রতিনিধি, ঝালকাঠি

সামান্য বৃষ্টিতেই ঝালকাঠি পৌর শহরের কয়েকটি সড়কে সম্প্রতি দেওয়া নতুন সিলকোট উঠে যেতে শুরু করেছে। অনেক স্থানে গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল ও পথচারীদের দুর্ভোগ বেড়েছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে দ্রুত সড়কগুলো সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

জানা গেছে, প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে ঝালকাঠি পৌরসভার উদ্যোগে শহরের তিনটি সড়কে সিলকোটের কাজ করা হয়। এর মধ্যে ফায়ার সার্ভিস থেকে কলেজ মোড় সড়ক এবং কামারপট্টি থেকে কলেজ খেয়াঘাট সড়কের বিভিন্ন অংশে কয়েক দিনের মধ্যেই সিলকোট উঠে যেতে শুরু করেছে। কোথাও কোথাও পিচ উঠে গর্ত তৈরি হওয়ায় চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, কাজ শুরুর পর থেকেই নানা অনিয়ম ছিল। সঠিক অনুপাতে বিটুমিন ব্যবহার না করায় সামান্য বৃষ্টিতেই পাথরের গুঁড়া ও পিচের স্তর উঠে যাচ্ছে। এতে নির্মাণকাজের মান এবং সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, মাত্র ১৫ দিন আগে সড়কগুলোর সংস্কারকাজ শুরু হয়। কাজ শেষ হওয়ার পরপরই বৃষ্টিতে সিলকোট উঠে যাওয়ায় নির্মাণের মান নিয়ে জনমনে অসন্তোষ সৃষ্টি হয়েছে। তাদের দাবি, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি টেকসইভাবে সড়কগুলো পুনঃসংস্কার করতে হবে।

এ বিষয়ে ঝালকাঠি পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী টি এম রেজাউল হক রেজভী বলেন, “ক্ষতিগ্রস্ত সড়ক সংশ্লিষ্ট ঠিকাদারের মাধ্যমেই সংস্কার করে দেওয়া হবে।”

এদিকে স্থানীয়দের অভিযোগ, আরসিসি সড়কের ওপর সিলকোট দেওয়ার কাজের মান নিশ্চিত না করেই কাজ শেষ করা হয়েছে। ফলে অল্প সময়ের মধ্যেই সড়কের এমন বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। তারা দ্রুত মানসম্মত সংস্কার এবং ভবিষ্যতে নির্মাণকাজে কঠোর তদারকির দাবি জানিয়েছেন।

বাকেরগঞ্জে গভীর রাতে ঘরে ঢুকে গৃহবধূর স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ২

কুয়াকাটায় অবৈধ ট্রলিং ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত মৎস্য খাত

মির্জাগঞ্জে লোডশেডিংয়ে বিদ্যুৎহীন কয়েক হাজার গ্রাহক

দানব খ্যাত আ.লীগ নেতা হারিছ কারামুক্ত

পুলিশ হেফাজতে আসামির মৃত্যুর গুজবে থানায় হামলা, আহত ১০ পুলিশ

বরিশালে ১৩ জুলাই প্রধানমন্ত্রীর সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

বিটিএমএর নেতৃত্বে হুমায়ুন ও শাহিন

বরগুনায় সাগরে দুই ট্রলারডুবি: ১৬ জেলে উদ্ধার, নিখোঁজ ২

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, তিন দিনেও সন্ধান মেলেনি ৬ জেলের

ভোলায় ৬ রুটে লঞ্চ চলাচল বন্ধ