হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে বৃহৎ আকৃতির কোরবানির গরু দেখতে মানুষের ভিড়

উপজেলা প্রতিনিধি, বাবুগঞ্জ (বরিশাল)

ফিজিয়ান জাতের আকর্ষণীয় কোরবানি গরু। ছবি: আমার দেশ

বৃহত্তর বরিশালের সর্ববৃহৎ কোরবানির গরু হিসেবে আলোচনায় এসেছে ‘বাদশা’ নামের একটি ষাঁড়। নাম শুনতে সাধারণ হলেও সামনে দাঁড়ালে যেন বিস্ময়ে থমকে যেতে হয় যে কাউকে। রাজকীয় গঠন, বিশাল দেহ আর আকর্ষণীয় কালো বর্ণের কারণে ইতিমধ্যেই এলাকাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে গরুটি।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের স্থানীয় কামরুল ইসলাম পলাশ গত প্রায় ৯ বছর ধরে যত্নে লালন-পালন করছেন গরুটিকে। নিজের বাড়ির গাভির পেট থেকে জন্ম নেওয়া বাছুরটি ধীরে ধীরে এখন বিশাল দেহের অধিকারী গরুতে পরিণত হয়েছে।

খামারি কামরুল ইসলাম পলাশ জানান, কোনো ধরনের কৃত্রিম উপায়ে নয়, সম্পূর্ণ দেশি পদ্ধতিতে খড়, ভুসি, ভুট্টা ও কাঁচা ঘাস খাইয়েই বড় করা হয়েছে গরুটিকে।

প্রতিদিন নিয়মিত গোসল, ওষুধ ও বাড়তি পরিচর্যার মাধ্যমে বিশেষ যত্নে লালন করা হয়েছে বাদশাকে। এমনকি বিদ্যুৎ না থাকলে হাতপাখা দিয়ে বাতাস করেও আরাম দেওয়ার চেষ্টা করা হয়েছে।

বর্তমানে গরুটির ওজন প্রায় ১ হাজার ৪০০ কেজি বা প্রায় ৩৫ মণ। ফ্রিজিয়ান জাতের এই গরুর উচ্চতা প্রায় ৬ ফুট এবং দৈর্ঘ্য প্রায় ১২ ফুট। বিশাল আকৃতির কারণে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে মানুষ এসে ভিড় করছেন গরুটি দেখতে। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও ধারণ করছেন, আবার কেউ বিস্ময় নিয়ে দেখছেন বাদশাকে।

গরুটির মালিক আরও জানান, এবারের কোরবানির ঈদে ঢাকার হাটে গরুটি তোলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর দাম হাঁকানো হয়েছে ২০ লাখ টাকা। তবে দীর্ঘ ৯ বছরের লালন-পালন, খাবার ও চিকিৎসাসহ বিভিন্ন খাতে ইতিমধ্যে ১৫ লক্ষাধিক টাকার বেশি ব্যয় হয়েছে বলেও জানান তিনি। অতীতে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় শখের বসেই গরুটি পালন অব্যাহত রেখেছিলেন।

স্থানীয় বাসিন্দা মনির হোসেন বলেন, “কামরুল ইসলাম পলাশ দীর্ঘদিন ধরে অত্যন্ত যত্নের সঙ্গে গরুটি পালন করছেন। করোনা মহামারি এবং দেশের বিভিন্ন সংকটময় সময়ে ভালো দাম না পাওয়ায় তিনি গরুটি বিক্রি করেননি। আমাদের জানামতে, ‘বাদশা’ বৃহত্তর বরিশালের অন্যতম বড় গরু।”

স্থানীয় সূত্রে জানা গেছে, শুধু এলাকায় নয়, সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়েছে বাদশার ছবি ও ভিডিও। বিশাল আকৃতি ও সুগঠিত দেহের কারণে এবার বৃহত্তর বরিশালের কোরবানির হাটে অন্যতম আকর্ষণ হতে পারে গরুটি।

বাবুগঞ্জ উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. মাহফুজ আলম জানান, উপজেলার কেদারপুর এলাকার খামারি কামরুল ইসলাম তার খামারে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালন-পালন করেছেন প্রায় ১৪০০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির ষাঁড়।

খামারির নিবিড় পরিচর্যা, উন্নত খাদ্য ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে বেড়ে ওঠা গরুটি ইতিমধ্যেই এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। ধারণা করা হচ্ছে, এটিই হতে পারে জেলার সবচেয়ে বড় পশু।

বিশাল আকৃতির এই গরু দেখতে প্রতিদিনই খামারে ভিড় করছেন বিভিন্ন এলাকার মানুষ।

তবে খামারিরা বলছেন, এমন বড় গরু দীর্ঘদিন পালন করতে বিপুল ব্যয় বহন করতে হয়।

এমএইচ

পাওনা টাকা দেওয়ার কথা বলে যুবককে ডেকে নিয়ে হত্যা

অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়ে দেড় লাখ টাকা জরিমানা

বিএনপি নেতার দোকানে অগ্নিসংযোগের অভিযোগ

কলাপাড়ায় অর্থাভাবে বন্ধ ১৫০ বছরের ঐতিহ্যবাহী মসজিদের নির্মাণকাজ

ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ

বাকেরগঞ্জে পুলিশের সামনে আসামির ওপর হামলা

বাবুগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বাকেরগঞ্জে এমপিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ায় গ্রেপ্তার ১

ভিসি ও প্রো-ভিসির দ্বন্দ্বে স্থবির পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আদালতের নিষেধাজ্ঞা অমান্য, প্রভাব খাটিয়ে বিএনপি নেতার জমি দখল