নির্বাচনি পরিবেশ নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন বরগুনা-২ আসনের বিএনপি ও জামায়াত প্রার্থীরা। সংবাদ সম্মেলনে তারা একে অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন।
মঙ্গলবার সন্ধ্যায় বরগুনা জেলা বিএনপি কার্যালয়ে বরগুনা-২ আসনের বিএনপির প্রার্থী দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মণি। তিনি জামায়াত প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করে বলেন, আসনটির নির্বাচনি ঐতিহ্য নষ্ট করছে জামায়াত। তারা নির্বাচনি এলাকার বাইরে থেকে প্রচুর লোকজন এনে ত্রাস সৃষ্টি করছে। এসময় তিনি তার বিরুদ্ধে করা জামায়াত প্রার্থীর অভিযোগ অস্বীকার করেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নূরুল ইসলাম মণি বলেন, আমি তাদের (জামায়াত) অনুরোধ করেছি যে, বাইরের লোক যেন না আসে। ২০-২৫টি ট্রলার ভরে লোকজন যাচ্ছে। ওইসব লোকেরা (বাইরের লোকেরা) একটা নির্বাচনি এলাকায় ঢুকলে গন্ডগোল হতেই পারে। তিনি বলেন, গতকাল গোলাম সরওয়ার হিরুকে আহত করা হয়েছে। আমি এ হামলার তীব্র নিন্দা জানাচ্ছি ও এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
তিনি আরও বলেন, আমার ধারণা, জামায়াতের অথবা কোনও তৃতীয় পক্ষ ঝামেলা করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তিনি এ বিষয়ে প্রশাসনের কড়া নজরদারি কামনা করেছেন।
অপরদিকে, একইদিন বিকেলে জামায়াত কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন বরগুনা-২ আসনের জামায়াত প্রার্থী ডা. সুলতান আহমেদ।
জামায়াত শিবিরের নেতাকর্মী ও সমর্থকদের সমাবেশে যাওয়ার পথে বাঁধা ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা জামায়াত।
এ সময় সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরুর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানানো হয়। বিকেল সাড়ে ৩টায় বরগুনা জেলা জামায়াত কার্যালয়ে লিখিত বক্তব্য পাঠ করেন বরগুনা ২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমদ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ওই (বরগুনা-২) আসনের বিএনপি প্রার্থী নূরুল ইসলাম মণি’র ভাড়াটে সন্ত্রাসীরা ১১ দলীয় জোট আয়োজিত শেষ নির্বাচনি প্রচার জনসভায় যেতে নেতাকর্মী ও সমর্থকদের বাঁধা দেয়। পাশাপাশি দেশীয় অস্ত্র দিয়ে বিভিন্ন স্থানে জামায়াতসহ ১১ দলীয় জোটের কর্মী সমর্থকদের উপর হামলা চালায়। লেভেল প্লেয়িং ফিল্ড বিনষ্ট করার চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এ সময় তিনি বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সারোয়ার হিরুর ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে বিচারের দাবি জানান। এছাড়াও বেশ কয়েকদিন ধরে চলা এসব অপ্রীতিকর ঘটনায় আগামীর ভোট নিয়েও শঙ্কা প্রকাশ করেন জামায়াত জোটের এ প্রার্থী।