বরগুনার আমতলীতে যাত্রীবাহী বাস চাপায় মোটরসাইকেল চালক ও এক অরোহী নিহত হয়েছে । এ ঘটনায় অপর অরোহী গুরুতর আহত হয়েছেন । শুক্রবার রাত ৮টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের শখারিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লালুয়া গ্রামের মধু হাওলাদারের ছেলে মো. সজীব হাওলাদার (২৫) ও তার শ্যালক সাইফুল ইসলাম (১৬)।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আছাদুল ইসলাম (১৪)। তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
পুলিশ সূত্রে জানা গেছে , শাখারিয়া বাজার থেকে মোটরসাইকেল নিয়ে সজীব হাওলাদার দুই শ্যালককে নিয়ে কলাপাড়ার দিকে যাচ্ছিলেন। কুয়াকাটা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ‘গাজী সম্রাট পরিবহন’ তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক সজীব হাওলাদারের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সাইফুল ইসলাম ও আছাদুল ইসলামকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন বলেন একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হন। হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসের চালক ও সহযোগী পালিয়ে গেছে । তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে ।
এমই