বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের বানীমর্দন গ্রামের বাসিন্দা মিলন হাওলাদার হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তারা জানান, গত ৩০ মে কোরবানির ঈদ উপলক্ষে স্ত্রী ও দুই বছর বয়সী সন্তানকে নিয়ে গ্রামের বাড়িতে আসেন মিলন হাওলাদার। এ সময় পরিবারের কয়েকজন শিশুকে উত্যক্ত করার ঘটনার প্রতিবাদ করতে গেলে প্রতিবেশী লক্ষ্মীপুর গ্রামের আবু তাহের, রোমানসহ কয়েকজনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে মিলনের বাড়িতে হামলা চালায় এবং তাকে গুরুতর আহত করে বলে অভিযোগ করেন বক্তারা।
পরে গুরুতর আহত অবস্থায় মিলনকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে ২৬ দিন চিকিৎসাধীন থাকার পর গত ২৫ জুন তিনি মারা যান।
বক্তারা অভিযোগ করেন, মিলনের চিকিৎসায় ৩৫ লাখ টাকারও বেশি ব্যয় করে পরিবারটি সর্বস্বান্ত হয়ে পড়েছে। কিন্তু হত্যাকাণ্ডের পরও এখন পর্যন্ত মামলার কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি। বরং আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং নিহতের পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য ভয়ভীতি ও বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করছে বলেও দাবি করেন তারা।
সমাবেশ থেকে অবিলম্বে এজাহারভুক্ত সব আসামিকে গ্রেফতার, দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার বিচার সম্পন্ন এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। অন্যথায় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। এ সময় বিক্ষোভকারীরা “আমার ভাই কবরে, খুনি কেন বাইরে”, “ফাঁসি চাই, ফাঁসি চাই, মিলন হত্যার ফাঁসি চাই”সহ বিভিন্ন স্লোগান দেন।