নির্বাচনি জনসভায় নয়ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, স্বঘোষিত জান্নাতি দলের কেউ যদি জালভোট দেয়ার চেষ্টা করে তাহলে আপনারা তাদের প্রতিহত করে প্রশাসনের হাতে তুলে দেবেন।
রোববার বিকেলে ভোলার মনপুরা উপজেলার হাজীর হাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম নয়ন বলেন- সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ, দুর্বৃত্ত, মাদক ব্যবসায়ীদের আমরা পুরোপুরি নির্মূল করব। এবং কোনো অপরাধীর জন্য আমি কখনও প্রশাসনের কাছে সুপারিশ করিনি। এবং ভবিষ্যতেও করব না।
তিনি বলেন, একটি বিশেষ দল টাকার বিনিময়ে মা বোনদের ভোট কিনতে বিকাশ নম্বর নিচ্ছে। আসলে দুই-তিন হাজার টাকার বিনিময়ে মা-বোনদের মূল্য নির্ধারণ করতে চায় তারা। বিএনপি ক্ষমতায় আসলে মা-বোনদের যথার্থ ইজ্জত সম্মান বৃদ্ধি পাবে। এবং ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রয়োজনীয় চাহিদা মোতাবেক পদক্ষেপ গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসলে একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে এবং পাহাড় থেকে সমতল, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান, সকল ধর্মের মানুষ সমানভাবে নিরাপদে থাকবে।