হোম > সারা দেশ > বরিশাল

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

বরিশাল অফিস

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্যঙ্গ করার অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ফরচুন গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তার ব্যানার ছিঁড়ে আগুন ধরিয়ে বিক্ষোভ করেন তারা। একই সঙ্গে তাকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

শুক্রবার রাত ৮টার দিকে বরিশালের কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে একদল যুবক বরিশাল আউটার স্টেডিয়ামের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা ফরচুন গ্রুপের চেয়ারম্যান, বরিশাল জেলা সৈনিক লীগের সভাপতি ও বিসিবি পরিচালক মিজানুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পরে তার কয়েকটি ব্যানার ছিঁড়ে তাতে আগুন ধরিয়ে দেন।

বিক্ষোভে অংশ নেওয়া মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সহসভাপতি নাজমুল হুদা বলেন, ঢাকায় স্টেডিয়ামে বসে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করেছেন ফরচুন মিজান। ফুটবল নিয়ে পরিকল্পনার কথা জানাতে গিয়ে তিনি হাসতে হাসতে ‘উই হ্যাভ আ প্ল্যান’ বলেছেন। শুক্রবার তার বক্তব্যের ১০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

ছাত্রদল নেতা নাজমুল হুদার দাবি, মিজান আগে আওয়ামী লীগের সহযোগী সংগঠন সৈনিক লীগের বরিশাল জেলা সভাপতি ছিলেন। আওয়ামী লীগের দোসর মিজানের শাস্তি দাবি করে তাকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি। আওয়ামী লীগ নেতা মিজানকে বিএনপির কেউ পুনর্বাসনের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এ সময় বরিশাল ল' কলেজ ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, সদস্যসচিব এসএম জুয়েল, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল সিকদার, সহসাধারণ সম্পাদক অ্যালেক্স তমাল ও সাবেক নাট্যবিষয়ক সম্পাদক আরিয়ান খান মাসুমসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অভিযোগের বিষয়ে বিসিবি পরিচালক মিজানুর রহমানকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। তবে বরিশালের একাধিক সাংবাদিককে তিনি বলেন, ‘বরিশাল স্টেডিয়ামে কী হয়েছে, আমি তো জানি না।’ ব্যানার ছিঁড়ে আগুন দিয়ে বিক্ষোভের বিষয়ে তিনি বলেন, ‘ব্যানার দিয়ে কী হবে?’ তবে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগ নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

এ বিষয়ে জাতীয়তাবাদী ক্রীড়া দলের বরিশাল জেলা শাখার সদস্য মীর হাসান মোর্শেদ সুমন বলেন, ‘আওয়ামী লীগের দোসর হয়ে ফরচুন মিজান প্রধানমন্ত্রীকে নিয়ে বিদ্রূপ করতে পারেন না। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং তাঁর বিচার দাবি করছি।’

এ বিষয়ে বরিশাল জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মামুন খন্দকার আমার দেশকে বলেন, স্টেডিয়ামে ব্যানারে আগুন দেওয়ার খবর তিনি শুনেছেন। তবে কারা এবং কী কারণে ব্যানার ছিঁড়েছেন, তা তিনি জানেন না। বিষয়টি জানার জন্য বরিশাল জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিবকে বলা হয়েছে। তবে এ বিষয়ে তিনি এখনো তাকে কিছু জানাননি।

বরিশাল জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মশিউর রহমান মঞ্জুকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। ফলে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

উল্লেখ্য, ঢাকায় ফুটবল নিয়ে পরিকল্পনার কথা জানাতে গিয়ে বিসিবি পরিচালক মিজানুর রহমান গণমাধ্যমের সামনে অট্টহাসি দিয়ে ‘উই হ্যাভ আ প্ল্যান’ বলেন। তার ১০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়

বানারীপাড়ায় বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

ইউপি নির্বাচন করতে চাকরি থেকে প্রধান শিক্ষকের পদত্যাগ