বর্ষা মৌসুম শুরু না হতেই বরিশালের বাবুগঞ্জ উপজেলায় সন্ধ্যা, সুগন্ধা ও আড়িয়াল খাঁ নদীর তীব্র ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। এতে উপজেলার বসতবাড়ি, আবাদি জমি, শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ অবকাঠামো মারাত্মক ঝুঁকিতে পড়েছে। সবচেয়ে বেশি হুমকির মুখে রয়েছে শত বছরের ঐতিহ্যবাহী বাবুগঞ্জ বাজার।
নদীবেষ্টিত এ উপজেলায় দীর্ঘদিন ধরেই নদীভাঙন একটি স্থায়ী সমস্যা। যুগের পর যুগ ধরে ভাঙনে শত শত একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। অনেক পরিবার হারিয়েছে তাদের ভিটেমাটি; ইতোমধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্থাপনাও বিলীন হয়ে গেছে।
বর্তমানে সুগন্ধা নদীর ভাঙনে বাবুগঞ্জ বাজার, খেয়াঘাট, বরিশাল বিমানবন্দর সংলগ্ন এলাকা, বকুলতলা স্টেশন এবং দক্ষিণ ভুতেরদিয়ার নতুনচরের একটি অংশ মারাত্মক ঝুঁকিতে রয়েছে।
অন্যদিকে, আড়িয়াল খাঁ নদীর ভাঙনে ছোট মীরগঞ্জ, লোহালিয়া, রাজগুরু গ্রাম এবং কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভুতেরদিয়া এলাকার বিস্তীর্ণ অংশ হুমকির মুখে পড়েছে। এছাড়া সন্ধ্যা নদীর তীরবর্তী এলাকাতেও নতুন করে ভাঙন শুরু হয়েছে।
চর সাধুকাঠি ইসলামিয়া ফাজিল মাদ্রাসাসহ আশপাশের বসতবাড়ি ও বিভিন্ন স্থাপনাও বর্তমানে ভাঙনের ঝুঁকিতে রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ভাঙন তীব্র আকার ধারণ করলে পানি উন্নয়ন বোর্ড অস্থায়ীভাবে বালুভর্তি জিওব্যাগ ফেলে প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়। তবে এ ধরনের উদ্যোগ দীর্ঘমেয়াদে কার্যকর নয় বলে মনে করছেন তারা।
বাবুগঞ্জ বাজার এলাকার বাসিন্দা মো. ফরিদ উদ্দিন খান বলেন, “আগে কেদারপুরে বাড়ি ছিল, নদীভাঙনে হারিয়ে এখানে বসতি গড়ি। এখন আবার সুগন্ধা নদীর ভাঙনে নতুন বসতিও হারানোর শঙ্কায় আছি।”
নদীতীরবর্তী বাসিন্দা মজিবুর রহমান বাচ্চু সরদার বলেন, “আড়িয়াল খাঁ নদীর ভাঙনে আগের সবকিছু হারিয়ে এখানে এসেছি। অনেক কষ্টে ঘর করেছি, এখন সেটিও ঝুঁকিতে। দ্রুত স্থায়ী সমাধান প্রয়োজন।”
বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন বলেন, “বাবুগঞ্জের নদীভাঙন রোধ করা আমার সর্বোচ্চ অগ্রাধিকার। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ চলছে। গুরুত্বপূর্ণ এলাকা রক্ষায় দ্রুত টেকসই প্রকল্প বাস্তবায়নে কাজ করছি।”
বরিশাল পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল জানান, বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলা রক্ষায় প্রায় ৫৫০ কোটি টাকার একটি বড় প্রকল্প পরিকল্পনা কমিশনে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বাবুগঞ্জ বাজার ও বরিশাল বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলো ভাঙনের হাত থেকে রক্ষা পাবে।
এদিকে সন্ধ্যা, সুগন্ধা ও আড়িয়াল খাঁ নদীর অব্যাহত ভাঙনে বাবুগঞ্জের জনজীবন দিন দিন বিপর্যস্ত হয়ে পড়ছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ও স্থায়ী উদ্যোগ গ্রহণ না করলে ঐতিহ্যবাহী বাবুগঞ্জ বাজারসহ বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।