হোম > সারা দেশ > চট্টগ্রাম

শুল্কহার কমানোর উদ্যোগ নিলেও সুফল পাচ্ছেন না ভোক্তা

সোহাগ কুমার বিশ্বাস, চট্টগ্রাম

আমার দেশ গ্রাফিক্স

আসছে রমজানে রোজাদারদের স্বস্তি দিতে খেজুরসহ আমদানি করা ফলের দাম নিয়ন্ত্রণে রাখতে শুল্কহার কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। তবে এ সিদ্ধান্ত নির্দিষ্ট সময়ের জন্য। ইতোমধ্যে মন্ত্রিপরিষদ সভায় নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। প্রজ্ঞাপন জারির দিন থেকে খেজুরের ক্ষেত্রে আগামী ১০ মার্চ পর্যন্ত এবং অন্যান্য ফলের ক্ষেত্রে ২০২৭ সালের ২৪ জানুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত নতুন শুল্কহার কার্যকর থাকবে।

বর্তমানে খেজুরের ক্ষেত্রে ২৫ শতাংশ এবং আপেল, আনার, মাল্টার মতো আমদানি করা ফলের ক্ষেত্রে ১২১ শতাংশ শুল্ক আদায় করা হয়। রমজানে দাম সহনীয় রাখতে খেজুরের শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ এবং অন্যান্য ফলে ১২১ শতাংশ থেকে কমিয়ে ৬০ শতাংশ নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

কিন্তু সরকারের মহতি এই সিদ্ধান্তের প্রভাব খুচরা বাজারে কতটুকু পড়বে, তা নিয়ে সন্দেহ করছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, নির্ধারিত সময়ের জন্য শুল্ক কমানোয় এই সময়ের আগে যারা ফল আমদানি করেছেন, তারা লোকসানে পড়ার ভয়ে এই মুহূর্তে বাজারে ফল ছাড়বেন না। বিশেষ করে রমজানে সবচেয়ে চাহিদাসম্পন্ন পণ্য খেজুরের ক্ষেত্রে এ সংকট বেশি হবে। কারণ, খেজুর দ্রুত পচনশীল পণ্য নয়।

আবার নির্ধারিত সময়ে যারা আমদানি করবেন, সময়ের পর দাম বাড়ার আশায় গুদামজাত করে রাখবেন। অন্যান্য ফলের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে। প্রয়োজনে জরিমানা দিয়ে হলেও বন্দরের অভ্যন্তরে রেফার কনটেইনারে আমদানি করে রাখা ফল গুদামজাত করে রাখবেন। ইতোমধ্যে সে প্রবণতা শুরু হয়েছে।

বর্তমানে চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে আমদানি করা ফলভর্তি ৮৭১ টিইইউএস রেফার কনটেইনারে প্রায় ৩০ হাজার টন ফল রয়েছে। দিনদিন এই সংখ্যা আরো বাড়ছে। গত ১৪ নভেম্বর সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী শুল্কহার কমানোর এ সিদ্ধান্ত প্রকাশ করেন। এরপর থেকেই রেফার কনটেইনার ডেলিভারি নেওয়ার প্রবণতা কমেছে বলে জানিয়েছে বন্দরসংশ্লিষ্ট একটি সূত্র।

চট্টগ্রাম কাস্টম হাউস সূত্র জানায়, পবিত্র রমজান মাস সামনে রেখে শুধুমাত্র চট্টগ্রাম বন্দর দিয়েই ৪,২৪১ কোটি টাকা মূল্যের তিন লাখ ৭৭ হাজার ৭০০ টন খেজুর, আপেল, কমলা, মাল্টা এবং আঙুর আমদানি করেছেন বাংলাদেশের আমদানিকারকরা। গত বছর অর্থাৎ ২০২৫ সালের প্রথম ১০ মাসে তিন লাখ ৪৫ হাজার ১৪০ টন ফল আমদানি করা হয়েছিল। এবার একই সময়ে ৩১ হাজার ৯২৭ টন বেশি ফল আমদানি করা হয়েছে। আমদানি করা ফল থেকে এখন পর্যন্ত ৩,৮০০ কোটি টাকা রাজস্ব আদায় করেছে কাস্টমস।

চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ আল আমিন জানান, চট্টগ্রাম কাস্টম হাউস যে কটি উৎস থেকে মোটা অঙ্কের রাজস্ব আদায় করে, তার মধ্যে আমদানি করা ফল অন্যতম। প্রতিবছর গড়ে প্রায় ৪,০০০ কোটি টাকার রাজস্ব আসে এ খাত থেকে। চলতি বছরের প্রথম ১০ মাসে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে এ খাত থেকে।

চলতি বছর রমজানকে কেন্দ্র করে বাজার স্থিতিশীল রাখতে বেশকিছু ক্যাটাগরিতে শুল্ক কমানোর সিদ্ধান্তের কথা শোনা যাচ্ছে। তবে লিখিত কোনো নির্দেশনা এখনো আমাদের কাছে আসেনি। এটি বাস্তবায়িত হলেও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রায় খুব একটা ঘাটতি হবে না। কারণ, বছরের প্রথম ১০ মাসেই ৩,৮০০ কোটি টাকার কাছাকাছি রাজস্ব আদায় হয়েছে।

ব্যবসায়ী ও আমদানিকারকরা বলছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জাহাজ ও কনটেইনার ভাড়া বাড়ার পাশাপাশি প্রায় সব ক্ষেত্রে ব্যয় বেড়েছে। কয়েক দফায় তেলের দাম বাড়ায় লোকাল বাজারের পরিচালন ব্যয়ও আগের চেয়ে বেড়েছে। তাই শুল্কহার কমানোর প্রভাব ভোক্তাপর্যায়ে খুব বেশি পৌঁছাবে না। এর ওপর হঠাৎ করে শুল্ক কমানোর সিদ্ধান্ত ঘোষণা করায় বাজারের স্বাভাবিক ব্যবসা কর্মকাণ্ডে ছন্দপতন ঘটেছে।

ফলমন্ডি বাজারের মেসার্স আরএন জেনারেল ট্রেডিংয়ের মালিক রহমত আলী জানান, আমদানি করা যেকোনো পণ্যের ক্ষেত্রে আজকের বাজার টার্গেট করলে প্রস্তুতি নিতে হয় অন্তত তিন মাস আগে। রমজানকে টার্গেট করে শুল্কহার কমিয়েছে সরকার, এটি ভালো খবর। কিন্তু এ সিদ্ধান্ত আরো এক মাস আগে নিলে ভালো হতো। আমরা রমজানের পণ্য ইতোমধ্যে বুক দিয়ে ফেলেছি। দ্রুত পচনশীল নয়, এমন পণ্য ইতোমধ্যে গুদামে চলে এসেছে। এই মুহূর্তে শুল্ক কমিয়ে দেওয়ায় আমাদের বড় ধরনের লোকসানের মুখে পড়তে হবে। এতে স্বাভাবিক ব্যবসায় ছন্দপতন ঘটবে।

চট্টগ্রামের সবচেয়ে বড় ফলের বাজার ফলমন্ডি ঘুরে দেখা গেছে, প্রতিটি দোকান ও গুদাম আমদানি করা ফলে ভর্তি হয়ে গেছে। সবচেয়ে বেশি সাজানো আছে হরেক রকমের খেজুর। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা ফল এবং খেজুর প্রথমে আনা হয় এই ফলমন্ডিতে। এরপর পাঠানো হয় দেশের অন্যান্য অঞ্চলে।

ফলমন্ডির ব্যবসায়ীরা জানান, বছরে বাংলাদেশে প্রায় এক লাখ টন খেজুরের চাহিদা রয়েছে। এর মধ্যে শুধু রমজান মাসেই বিক্রি হয় ৬০-৭০ হাজার টন খেজুর। চাহিদার বিপরীতে বাংলাদেশে খেজুর আমদানি হয়েছে ৭১ হাজার ৪৭২ টন। সেপ্টেম্বর-অক্টোবর মাসে আমদানি করা খেজুর বন্দর থেকে ছাড় হয়ে বাজারের আড়তেও চলে এসেছে।

সরকার খেজুরের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করায় প্রতি কেজি খেজুরের দাম বর্তমান দামের চেয়ে প্রকারভেদে ১০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত কমার কথা। কিন্তু বাস্তবে এর সুফল কতটুকু, তা নিয়ে সন্দিহান ব্যবসায়ীরা।

ফলমন্ডির চট্টলা ডেট শপের মালিক রাশেদ কামাল জানান, আমদানি করা ফলের ক্ষেত্রে আগে কখনো ডিউটি কমায়নি সরকার। তবে খেজুরে কমানো হয়েছে। কিন্তু এটি অনেকটা অসময়ে কমেছে। বাংলাদেশে খেজুর বেশি আসে সৌদি আরব থেকে। দুবাই আর ইরাক থেকেও কিছু পরিমাণ খেজুর আমদানি করা হয়। সৌদি আরবে খেজুরের সিজন জুন-জুলাই মাস। সে হিসাবে সৌদির খেজুরের ৮০ শতাংশ ইতোমধ্যে চলে এসেছে।

তিনি বলেন, দুবাই আর ইরাকের খেজুরও বুকিং দিয়ে ফেলেছি। এই সময়ে শুল্কহার কমানোয় সৌদি খেজুরের ওপর কোনো ধরনের প্রভাব পড়বে না। দুবাই আর ইরাকের খেজুরে সামান্য প্রভাব পড়তে পারে।

ফলের ক্ষেত্রে দাম কমলেও সেটা বর্তমান বাজারের চেয়ে কতটুকু কমবে, সেটা বলা যাচ্ছে না। কারণ, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জাহাজ ভাড়াসহ সমুদ্র বাণিজ্যের প্রতিটি ক্ষেত্রে খরচ বাড়ছে। মিসর থেকে এক কনটেইনার ফল আনতে যেখানে আগে খরচ হতো সাড়ে চার থেকে পাঁচ হাজার ডলার, এখন সেখানে খরচ আট হাজার ডলার ছাড়িয়েছে।

চট্টগ্রাম কাস্টম হাউসের তথ্যানুযায়ী, চলতি বছর ১,৩৫৬ কোটি টাকা মূল্যের এক লাখ ৫৫ হাজার ১৯৮ টন আপেল, ৯৭৩ কোটি টাকা মূল্যের এক লাখ ১১ হাজার ৩৮৬ টন কমলা ও মাল্টা এবং ৪৫৪ কোটি টাকা মূল্যের ৩৯ হাজার টন আঙুর আমদানি করা হয়েছে।

এদিকে রমজানকে সামনে রেখে আপেল-মাল্টার আমদানি শুল্ক ১২১ শতাংশ থেকে ৬১ শতাংশ কমিয়ে ৬০ শতাংশ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ২০ কেজির প্রতি কার্টন আপেলে ৮০০ টাকা এবং সাড়ে ১৫ কেজির প্রতি কার্টন মাল্টায় ৫০০ টাকা কমার কথা।

চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সভাপতি আলী হোসেন জানান, শুল্কহার কমানো হয়েছে এক মাসের জন্য। কিন্তু আমদানি করা ফল আজ কিনলে আসতেও দুই মাস লাগে। এতে কাজের কাজ কিছুই হবে না; বরং বাজারের স্বাভাবিক গতিতে ছন্দপতন ঘটবে। এক মাসের জন্য ৫০ বা ৮০ শতাংশ না কমিয়ে যদি ১২ মাসের জন্য ২৫ শতাংশ কমিয়ে দিত, তাহলে সুফল আরো বেশি আসত।

জনবলের সংকটে মুখ থুবড়ে পড়েছে মৎস্য প্রজনন কেন্দ্র

প্রধানমন্ত্রীর জন্মদিনে নোয়াখালীতে এতিম শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতার প্রতিবাদে ফেনীতে বিএনপির বিক্ষোভ

কাফনের কাপড় রেডি রাখিস, না হলে রাস্তায় পড়ে থাকবি: ওসিকে ছাত্রলীগের হুমকি

নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে দায়িত্ব ছেড়ে দিন: স্বরাষ্ট্রমন্ত্রীকে রাফি

আ.লীগ দমনের দায়িত্ব সরকারের, বিরোধী দলের নয়: শিবির সভাপতি

জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ থাকবে না: মাওলানা আবদুল হালিম

অর্থনীতির অগ্রযাত্রা নস্যাৎ করতে দুর্বৃত্তায়নের রাজনীতি শুরু হয়েছে: অর্থমন্ত্রী

রামুতে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় নিহত বেড়ে ৪

নিখোঁজের পাঁচ দিন পর পুকুরে মিলল এজেন্ট ব্যাংক কর্মকর্তার লাশ