ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণের প্রাথমিক পরিকল্পনায় ৬৪ কিলোমিটার উড়ালপথ রাখার প্রস্তাবের খবর প্রকাশের পর মিরসরাই পৌরসভার উপজেলা সদরে ফ্লাইওভার নির্মাণের দাবি নতুন করে সামনে এসেছে।
সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী, ২৩২ দশমিক ৭৬ কিলোমিটার দীর্ঘ ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণে প্রাথমিকভাবে ৭১ হাজার ৮৫০ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর। প্রস্তাবিত পরিকল্পনায় প্রায় ৬৪ কিলোমিটার অংশ উড়ালপথে এবং বাকি অংশ ভূমিতে নির্মাণের কথা রয়েছে। ২০২৭ সালের জানুয়ারি থেকে ২০৩২ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হলেও অর্থায়ন, নির্মাণ কাঠামো ও উড়ালপথের স্থান এখনো চূড়ান্ত হয়নি। ফলে প্রকল্পের চূড়ান্ত নকশায় মিরসরাই পৌরসভার উপজেলা সদরকে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
মিরসরাই পৌরসভা উপজেলার প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রতিদিন অসংখ্য মানুষ সরকারি-বেসরকারি দাপ্তরিক কাজ, কেনাকাটা, চিকিৎসা ও শিক্ষার প্রয়োজনে এখানে আসেন। মহাসড়কের দুই পাশে বাজারের দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান থাকায় স্থানীয় যানবাহন, পথচারী এবং দূরপাল্লার দ্রুতগতির যানবাহন একই সড়কে চলাচল করে। এতে বাজারের ব্যস্ত সময়ে যানজট তীব্র আকার ধারণ করে। বিশেষ করে কলেজ রোড ও কোর্ট রোড এলাকায় যানবাহনের চাপ বাড়লে সাধারণ মানুষের চলাচল স্থবির হয়ে পড়ে।
উপজেলা সদরের আশপাশে রয়েছে মারুফ মডেল উচ্চ বিদ্যালয়, লতিফিয়া কামিল মাদরাসা, এসএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিরসরাই সরকারি মডেল আদর্শ উচ্চ বিদ্যালয়, মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়, মিরসরাই ডিগ্রি কলেজ, মিরসরাই কিন্ডারগার্টেন, মিরসরাই আজিজিয়া মাদরাসা, মিরসরাই ফারুকিয়া মাদরাসা ও মিরসরাই ইউসডম স্কুল। এসব প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবককে প্রতিদিন মহাসড়কসংলগ্ন সড়ক ব্যবহার করতে হয়।
এ বিষয়ে লতিফিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা একরামুল হক বলেন, উপজেলা সদরের প্রাণকেন্দ্রে আমাদের মাদরাসাসহ অন্তত দশটি বড় শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিন ক্লাস শুরু ও ছুটির সময় কোমলমতি শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে ব্যস্ত মহাসড়ক পারাপার হয়। অভিভাবকরা সবসময় আতঙ্কে থাকেন। শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে মিরসরাই সদরে ফ্লাইওভার ও নিরাপদ আন্ডারপাস নির্মাণ এখন সময়ের দাবি।
মিরসরাই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুল ইসলাম বলেন, কলেজ রোড ও কোর্ট রোডের মুখে দূরপাল্লার গাড়ি ও স্থানীয় যানবাহনের জটলায় শিক্ষার্থীদের যাতায়াত চরমভাবে ব্যাহত হয়। ইতিপূর্বে এই সড়কে দুর্ঘটনায় আমাদের শিক্ষার্থী ও নিরীহ মানুষ প্রাণহারান।
এক্সপ্রেসওয়ের চূড়ান্ত পরিকল্পনায় মিরসরাই সদর অংশে উড়ালপথ রাখা না হলে ভবিষ্যতে এই ঝুঁকি আরও ভয়াবহ রূপ নেবে।
মিরসরাই পৌরসভার মহাসড়ক অংশে ইতিপূর্বে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে। ২০২৫ সালের ৭ জুলাই পৌরসভার কলেজ রোডের মুখে লরির ধাক্কায় পাঁচ বছর বয়সী শিশু আলিফা নিহত হয়। মায়ের কোলে সিএনজিচালিত অটোরিকশায় থাকা শিশুটি দুর্ঘটনার সময় ছিটকে পড়ে প্রাণ হারায়। পরবর্তীতে ২০২৬ সালের ৭ জুন পৌরসভার উত্তর বাইপাস এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা কলেজছাত্রী শ্রুতি পাল (২০) নিহত হন এবং তানভীর হোসেন নামে আরও একজন গুরুতর আহত হন। এ ছাড়া মিরসরাই থানা মসজিদের সামনে লরির ধাক্কায় সাংবাদিক আবদুল মান্নান রানা গুরুতর আহত হয়ে দুই পা হারান। বাজারের দক্ষিণ পাশে একটি ফুটওভার ব্রিজ থাকলেও দূরত্বের কারণে তা সাধারণ মানুষের খুব একটা কাজে আসছে না।
স্থানীয় বাসিন্দা আতিকুর রহমান বলেন, মিরসরাই বাজার পুরো উপজেলার ব্যবসার প্রাণকেন্দ্র। কিন্তু মহাসড়কের যানজট ও দুর্ঘটনার আতঙ্কে ক্রেতারা বাজারে আসতে ভয় পান। দূরপাল্লার গাড়িগুলো বাজারের ওপর দিয়ে ফ্লাইওভারে চলে গেলে নিচের সড়ক স্থানীয় ক্রেতা-বিক্রেতা ও যানবাহনের জন্য নিরাপদ হবে, যা স্থানীয় অর্থনীতিতেও গতি আনবে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মিরসরাই পৌর সদর থেকে মিরসরাই-ফটিকছড়ি (নারায়ণহাট) সড়ক হয়ে পার্বত্য জেলার সঙ্গে সরাসরি সংযোগ রয়েছে। অপরদিকে, মহাসড়ক থেকে উপজেলা সড়ক দিয়ে দেশের বৃহত্তম ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের’ সরাসরি সংযোগ স্থাপিত হয়েছে। ফলে দ্রুত সময়ের মধ্যে এই দুটি সড়কে যানবাহন ও মানুষের চাপ বহুগুণ বাড়ছে। এখনই এই বাড়তি চাপের বিষয়টি মহাপরিকল্পনায় রাখতে হবে।
এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য নুরুল আমিন বলেন, মিরসরাই সদর যেমন প্রশাসনিক ও শিক্ষার কেন্দ্রবিন্দু, তেমনি এটি জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও পার্বত্য চট্টগ্রামের প্রবেশদ্বার। এখানকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি ও দুর্ঘটনা রোধে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ের চূড়ান্ত নকশায় মিরসরাই সদর অংশে ফ্লাইওভার, সার্ভিস রোড এবং নিরাপদ পারাপারের ব্যবস্থা যুক্ত করার জন্য আমি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে জোরালোভাবে কথা বলব।