কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর সহযোগী-অঙ্গসংগঠনের কর্মকাণ্ডের প্রতিবাদে নোয়াখালীতে ডিসেম্বর মাসজুড়ে কর্মসূচি ঘোষণা করেছে জেলা বিএনপি ও জেলা স্বেচ্ছাসেবক দল। সোমবার বিকেলে জেলা শহর মাইজদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
সমাবেশ ও মিছিলের বিবরণ অনুযায়ী, সোমবার বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মাইজদীর গণপূর্ত অফিসের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণে হরিনারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদ, জেলা বিএনপির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান, বিএনপি নেতা শাহ জাফর উল্লাহ রাসেল, আবু হানিফ, সাবেক ছাত্রদল নেতা জহিরুল ইসলাম তারেক, সুজন এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রায়হানসহ অন্য নেতারা।
সমাবেশে বক্তারা গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ তুলে এর নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।
এ সময় জেলা বিএনপি ও জেলা স্বেচ্ছাসেবক দলের নেতারা জানান, ঘোষিত কর্মসূচির আওতায় ডিসেম্বর মাসজুড়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।