চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের যাতায়াতের শাটল ট্রেনের একটি বগিতে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বগির সিটে কেরোসিন মাখানোর পাশাপাশি ভেতরে একটি কেরোসিনের বোতলও পাওয়া গেছে। তবে রেলওয়ে কর্মী ও শিক্ষার্থীদের তৎপরতায় আগুন দ্রুত নিভিয়ে ফেলায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
রোববার রাত ৮টা ৫ মিনিটের দিকে চট্টগ্রাম নগরীর বটতলী রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা শাটল ট্রেনটিতে এ ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাওসিফ হোসাইন আনন্দ জানান, টিউশন শেষে বটতলী স্টেশন থেকে শাটল ট্রেনে ওঠার সময় তিনি বগির ভেতরে আগুন দেখতে পান। এ সময় এক ব্যক্তি চিৎকার করে আগুন লাগার বিষয়টি জানালে রেলওয়ের এক কর্মী তা নেভাতে এগিয়ে যান। পরে তাওসিফও আগুন নেভানোর কাজে সহযোগিতা করেন। একপর্যায়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে।
তাওসিফ বলেন, প্রথমে বিষয়টিকে ইঞ্জিনের কোনো যান্ত্রিক ত্রুটি মনে হলেও পরে বগির ভেতরে তীব্র কেরোসিনের গন্ধ পাওয়া যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে একটি কেরোসিনের বোতল পাওয়া যায় এবং বগির সিটগুলোতেও কেরোসিন মাখানো দেখা যায়। এসব আলামত দেখে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে বলে মনে হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুল হোসেন বলেন, ট্রেনের কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরে ওই ট্রেনের পরিবর্তে অন্য একটি ট্রেনে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হয়।
তিনি আরো বলেন, ঘটনাটি নাশকতার চেষ্টা বলে মনে হচ্ছে। বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে জানিয়ে বটতলী স্টেশনসহ সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার ও টহল বাড়ানোর অনুরোধ করা হয়েছে। ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থায় কিংবা যাত্রার আগে-পরে সব সময় নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।
এমই