কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিনে চিংড়ি খেয়ে শ্বাসকষ্টে এক পর্যটকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য স্পিডবোটে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
মৃত মো. ইব্রাহিম (২২) নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মাঝিপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শুক্রবার দুপুর আড়াইটার দিকে সেন্ট মার্টিন বাজারের একটি হোটেলে দুপুরের খাবার খান ইব্রাহিম। এ সময় চিংড়ি মাছ খাওয়ার পর হঠাৎ অস্থিরতা অনুভব করেন তিনি। একপর্যায়ে তার শারীরিক অবস্থার অবনতি এবং শ্বাসকষ্ট শুরু হয়। পরে দ্রুত তাকে সেন্ট মার্টিনে ২০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে উন্নত চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর পরামর্শ দেন।
পরে বিকেল ৩টার দিকে স্পিডবোটে তাকে টেকনাফে নেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানোর পর পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মো. এনামুল হক জানিয়েছেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আগে থেকেই তার অ্যালার্জিজনিত সমস্যা ছিল বলে জানা গেছে।