চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী বিএমএ গেইট এলাকায় সন্তানকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মেয়ের সঙ্গে মায়ের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী এলাকায় দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তারিন আক্তার এবং তার ২২ মাসের শিশু সন্তানের মৃত্যু হয়। শিশুটির নাম জানা যায়নি।
মা ও শিশুর লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সাপ্তাহিক ছুটির দিনে মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিলেন তারা। ফেরার পথই চলন্ত মোটরসাইকেল থেকে শিশুটি পড়ে যায়। সন্তানকে বাঁচাতে মাও জীবনের ঝুঁকি নিয়ে মোটরসাইকেল থেকে লাফ দেয় । মুহূর্তেই পেছন থেকে দ্রুতগতির একটি গাড়ির চাকায় পিষ্ট হন মা ও মেয়ে।
স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে মা ও মেয়েকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
বার আউলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হক বলেন, ভাটিয়ারী বিএমএ গেইট এলাকায় মা ও শিশুকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এমই