কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের বাস চলাচল বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ। এরফলে বৃহস্পতিবার সকাল থেকে এ মহাসড়কে আর চলছে না কোনো বাস।
জানা যায়, বুধবার চাঁদপুর জেলার হাজীগঞ্জয় বলাখাল এলাকায় বাস স্টপেজের দাবিতে স্থানীয়দের সাথে পরিবহনের শ্রমিকদের হাতাহাতি হয়। এ ঘটনার পর বোগদাদ ও আইদি পরিবহনের মালিক কর্তৃপক্ষের সিদ্ধান্তে বাস চলাচল বন্ধ ঘোষণা করে।
এদিকে বাস বন্ধ থাকায় চাঁদপুরগামী যাত্রীদের সাময়িক দুর্ভোগের সৃষ্টি হলেও তারা বিকল্প উপায়ে গন্তব্যে যাতায়াত অব্যাহত রেখেছে। বর্তমানে অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। নজরদারি অব্যাহত আছে।
জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে ব্যাংক কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘সকালে অফিসে যাওয়ার জন্য বাসস্ট্যান্ডে এসে দেখি কোন ধরনের বাস চলাচল করছে না। দশটার মধ্যে অফিসে পৌঁছাতে হবে। এখন বিপাকে পড়ে গেলাম। ঈদের আগ মুহূর্তে এ ধরনের সিদ্ধান্ত জনদুর্ভোগ চরমে পৌঁছে দিবে।’
আইদি পরিবহনের মালিক মামুনুর রশিদ জানান, বুধবার বিকেলে হাজিগঞ্জ উপজেলার বলাখাল এলাকায় বাসের স্টপিজের দাবিতে স্থানীয় লোকজন আমাদের গাড়ি ভাঙচুর করে। বলাখাল থেকে হাজিগঞ্জের দূরত্ব এক কিলোমিটার। যদি এক কিলোমিটারের মধ্যেই বাস স্টপিজ করা হয় তাহলে আরো তিনটি বাসের স্টপিজ জন্য মানুষ আন্দোলন করবে। তখন আমাদের সার্ভিস লোকাল হয়ে যাবে। আজ দুপুরে আমাদের বৈঠক আছে তখন সিদ্ধান্ত হবে ।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস জানান, বুধবার সন্ধ্যা থেকেই কুমিল্লা-চাঁদপুর সড়কের বাস চলাচল বন্ধ রয়েছে। মালিকপক্ষের সাথে কথা হয়েছে উনারা বলছেন আজ বেলা তিনটায় হাজীগঞ্জ এলাকায় বৈঠক করবেন।
জেডএম