হোম > সারা দেশ > চট্টগ্রাম

নবীনগরে মোমবাতির আলোয় পরীক্ষা দিচ্ছে সাড়ে ৪ হাজার শিক্ষার্থী

উপজেলা প্রতিনিধি, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

ছবি: আমার দেশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রাকৃতিক দুর্যোগে বিদ্যুদ্বিভ্রাটের কারণে চলমান এসএসসি, দাখিল ও ভোকেশনালের ১১টি কেন্দ্রে বিদ্যুৎ না থাকায় ৪ হাজার ৪৭৪ জন পরীক্ষার্থী মোমবাতির আলোয় দিচ্ছে পরীক্ষা।

নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চলছে এসএসসি এবং নারায়ণপুর ডিএস কামিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষা। ওই কেন্দ্রগুলো ঘুরে দেখা যায়, শিক্ষার্থীরা মোমবাতির আলোয় পরীক্ষা দিচ্ছে।

জানা যায়, আজ সকাল থেকে কালবৈশাখী ঝড় শুরু হলে নবীনগরে পল্লী বিদ্যুতের ৩৩ কেভি লাইন ট্রিপ করার কারণে গোটা নবীনগরে বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। এতে কক্ষে পর্যাপ্ত আলো না থাকায় শিক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিচ্ছে।

পরীক্ষার হল অন্ধকার হয়ে পড়ায় আলোর অভাবে অনেকেই উত্তরপত্রে লেখার সময় সমস্যায় পড়ে। এ বছর নবীনগর উপজেলায় এসএসসি ৮টি, দাখিল ২টি ও ভোকেশনাল ১টি— মোট ১১টি কেন্দ্রে ৪ হাজার ৪৭৪ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।

শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে পরীক্ষার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ থাকা সত্ত্বেও মাঠ পর্যায়ে তার অভাব দেখা যাচ্ছে, যা পরীক্ষার্থীদের ভবিষ্যতের জন্য উদ্বেগজনক।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান আমার দেশকে বলেন, বিদ্যুৎ অফিসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, ঝড়-বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় তারের ওপর গাছের ডালপালা ভেঙে পড়ে থাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। পরীক্ষাকেন্দ্রে মোমবাতি ও চার্জলাইটের মাধ্যমে আলোর ব্যবস্থা করা হয়েছে।

পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আবদুল ওয়াদুদ হোসেন আমার দেশকে বলেন, সকাল থেকে বৃষ্টিপাত ও ঝোড়ো বাতাসের কারণে বিভিন্ন জায়গায় গাছপালা ভেঙে তারের ওপর পড়ে থাকায় ৩৩ কেভি লাইন ট্রিপ করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে । আমরা কাজ শুরু করেছি, দ্রুতই সমাধানের চেষ্টা চলছে।

বিদ্যুৎ না থাকায় অভিভাবকেরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। বিদ্যুতের ব্যবস্থা নিশ্চিত করতে না পারায় কেন্দ্র কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করছেন অভিভাবকেরা।

বেলা ১১টা ৫০ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুৎহীন ছিল প্রতিটি পরীক্ষাকেন্দ্র।

মতলব উত্তরে বিদ্যুৎ ছাড়া কেন্দ্রে পরীক্ষা দেয় শিক্ষার্থীরা

এক ঘণ্টার বৃষ্টিতে ভাসছে কুমিল্লা সিটি করপোরেশন

লবণের মাঠে কাজে যাওয়ার পথে বজ্রপাতে চাষির মৃত্যু

মাত্র ৬ মিলিমিটার বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা

মুরগির ফার্মে বৈদ্যুতিক সুইচ চাপতেই প্রাণ গেল মালিকের

মেরিন ড্রাইভে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আরোহী নিহত

ইঞ্জিনে ত্রুটি, ফেনীতে পাঁচ ঘণ্টা ধরে আটকা ‘চট্টলা এক্সপ্রেস’

রামগঞ্জে বিশুদ্ধ পানির তীব্র সংকট, কাজে আসছে না গভীর নলকূপ

বাঁশখালীতে এক ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা

আমেরিকায় ট্যাক্সি চালিয়ে দেশে গড়েছেন ৬ শিক্ষাপ্রতিষ্ঠান