চাঁদপুরের কচুয়ায় বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ চাচা-ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার ভোরে কচুয়া পৌরসভার কড়ইশ গ্রামের প্রধানিয়া বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কড়ইশ গ্রামের জাকির হোসেনের ছেলে নাহিদ হোসেন (২৭) এবং জাহাঙ্গীর আলমের ছেলে আরাফাত (২১)।
পুলিশ জানায়, বুধবার রাতে চাঁদপুর গনি স্কুলের পেছনে কুড়ালিয়া এলাকায় চাঁদপুর সদর মডেল থানা-পুলিশ চেকপোস্ট বসায়। এ সময় সন্দেহভাজন ১০ যুবককে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। একপর্যায়ে আরাফাত নামের এক যুবকের মোবাইল ফোনের গ্যালারিতে একটি পিস্তলের ছবি দেখতে পায় পুলিশ। জিজ্ঞাসাবাদে আরাফাত জানায়, পিস্তলটি তার চাচা নাহিদ হোসেনের; শখের বশে পিস্তলটি হাতে নিয়ে তিনি ছবি তুলেছিলেন।
পরে আরাফাতের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার ভোর আনুমানিক ৬টার দিকে এসআই কালাম গাজীর নেতৃত্বে সদর মডেল থানা-পুলিশের একটি দল কচুয়া থানা-পুলিশের সহযোগিতায় কচুয়া পৌরসভার কড়ইশ গ্রামে অভিযান চালায়। অভিযানে নাহিদ হোসেনের বসতঘরের খাটের ড্রয়ার থেকে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় নাহিদ হোসেন ও তার ভাতিজা আরাফাতকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়েছে। এ ছাড়া চেকপোস্টে আটক অপর ১০ যুবকও থানা-হাজতে রয়েছেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এমই