হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাতকানিয়ায় সাঙ্গু নদীর বেড়িবাঁধে ধস, চরম দুর্ভোগে মানুষ

শহীদুল ইসলাম বাবর, দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়ায় সাঙ্গু নদীরভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে বেড়িবাঁধ। বর্ষা মৌসুমে প্রবলবর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে নদীতে সৃষ্ট তীব্র স্রোতে ভেঙে গেছে বাঁধের বিভিন্ন অংশ। এতে বসতঘর, কবরস্থান, মসজিদ, গ্রামীণ সড়ক ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ঝুঁকিতে পড়েছে স্থানীয় মানুষের জীবনযাত্রা। বিশেষ করে ভাঙনকবলিত সড়ক দিয়ে মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে শিক্ষার্থীদের।

স্থানীয় সূত্রে জানা যায়, সর্বশেষ গত জুলাই মাসের শুরুতে প্রবলবর্ষণ ও পাহাড়ি ঢলে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পেয়ে চৌধুরীপাড়া এলাকায় বেড়িবাঁধের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। একপর্যায়ে নদীর পানি লোকালয়ে প্রবেশ করে। এতে এলাকার মানুষ দুর্ভোগে পড়েন। পরিস্থিতি মোকাবিলায় বেড়িবাঁধ জরুরি মেরামতের জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ১৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।

বরাদ্দের অর্থ নদীভাঙন রোধে ১৫০ মিটার এলাকায় জিও টিউব স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। সম্প্রতি কাজ শুরু হলেও নতুন করে নদীভাঙন দেখা দেওয়ায়, প্রকল্পের বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়েছে। কাজ চলাকালে বেড়িবাঁধের বেশ কিছু অংশ সাঙ্গু নদীগর্ভে ধসে পড়ে। ফলে আপাতত জিও টিউব স্থাপনের কাজ বন্ধ রাখা হয়েছে।

স্থানীয় বাসিন্দা মোজাম্মেল হক, মোহাম্মদ জামাল ও মোহাম্মদ ফোরকান জানান, বর্ষা এলেই সাঙ্গু নদীরভাঙন নিয়ে আতঙ্কে থাকতে হয় তাদের। নদীর স্রোতে বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় বসতবাড়ি, ধর্মীয় প্রতিষ্ঠান, কবরস্থান, ফসলি জমি ও চলাচলের সড়ক হুমকির মুখে পড়েছে। ভাঙন অব্যাহত থাকলে আরো বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

পটিয়া পানি উন্নয়ন শাখা-১-এর উপসহকারী প্রকৌশলী মাহবুব আলম জানান, নদীভাঙনের কারণে নির্ধারিত স্থানের বেড়িবাঁধের বেশ কিছু অংশ ধসে পড়েছে। এ অবস্থায় আগের পরিকল্পনা অনুযায়ী কাজ চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। নতুন করে সমীক্ষা চালিয়ে পরিস্থিতি পর্যালোচনা করতে হবে। এরপর ভাঙন প্রতিরোধে টেকসই পদ্ধতি নির্ধারণ করে কাজ শুরু করতে হবে।

কুমিল্লায় ওয়াকফের শতকোটি টাকার জমিতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

চাঁদপুরে আওয়ামী লীগ সভাপতিসহ ৩০ নেতাকর্মী আটক

সাত বছরের সামিরকে চাপা দিয়ে পালাল অটোরিকশা

মাইশার মৃত্যুর পর বসানো রাম্বল স্ট্রিপও টিকল না, ঢাকা থেকে যাচ্ছে বিশেষজ্ঞ দল

ব্যবসায়ীকে গাড়ি থামিয়ে প্রকাশ্যে গুলি, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে পুঁতে রাখা ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

চাঁদপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, জড়িতদের ধরতে পুলিশের অভিযান

হাদি হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

টেকনাফ পাহাড়ে গোলাগুলি, ৫৬ জিম্মি উদ্ধার

মানুষ গণহত্যাকারীদের এ দেশে রাজনীতি করতে দেবে না