চট্টগ্রাম মহানগরীতে সুপেয় পানি উৎপাদন বাড়াতে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা চেয়েছে চট্টগ্রাম ওয়াসা। একই সাথে দেশটির সহায়তায় বাস্তবায়িত ও চলমান দুটি প্রকল্পের পরিধি আরও বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেছে সংস্থাটি।
শনিবার দক্ষিণ কোরিয়া সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সাথে এক বৈঠকে এই আগ্রহের কথা জানান চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী সেলিম মো. জানে আলম।
চট্টগ্রাম ওয়াসা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণ কোরিয়ার ভূমি, অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয়ের কনস্ট্রাকশন বিভাগের পরিচালক চোই জংওনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শনিবার দুপুরে চট্টগ্রাম ওয়াসার এমডি প্রকৌশলী সেলিম মো. জানে আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ করে। বৈঠকে ওয়াসার সাথে কোরিয়া সরকারের যৌথ উদ্যোগে পরিচালিত চলমান প্রকল্প এবং ভবিষ্যতে বাস্তবায়নযোগ্য বিভিন্ন প্রকল্পে পারস্পরিক সহযোগিতার বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।
বর্তমানে দক্ষিণ কোরিয়ার সহযোগিতায় চট্টগ্রাম ওয়াসা দক্ষিণ চট্টগ্রামে সুপেয় পানি সরবরাহের লক্ষ্যে বোয়ালখালীতে ভান্ডালজুড়ি পানি শোধনাগার প্রকল্প বাস্তবায়ন করছে। বৈঠকে ওয়াসার এমডি ভান্ডালজুড়ি ও মোহরা প্রকল্পের সম্প্রসারণের (এক্সটেনশন) ওপর গুরুত্বারোপ করেন। এ সময় প্রতিনিধি দলের প্রধান চোই জংওন ওয়াসার এসব প্রকল্পে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
বৈঠক শেষে চট্টগ্রাম ওয়াসার এমডি প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, "দক্ষিণ কোরিয়া ভান্ডালজুড়ি প্রকল্প বাস্তবায়নে বড় ভূমিকা রেখেছে। তারা নতুন প্রকল্পে সহযোগিতার আগ্রহ প্রকাশ করায় আমরা বিদ্যমান দুটি প্রকল্পের কাজ সম্প্রসারণের জন্য সহযোগিতা চেয়েছি। কোরিয়ান সরকারের মনোভাব যথেষ্ট ইতিবাচক। আশা করছি খুব শিগগির আমরা এসব প্রকল্প নিয়ে কাজ শুরু করতে পারব। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে নগরীতে সুপেয় পানি সরবরাহ যেমন বাড়বে, তেমনি ওয়াসার সামগ্রিক সক্ষমতা বৃদ্ধি পাবে।"
বৈঠকে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ নুরুল আমিন, মুহাম্মদ মাহবুবুল আলম, মোহাম্মদ নজরুল ইসলাম ও আব্দুর রউফ উপস্থিত ছিলেন।