হোম > সারা দেশ > চট্টগ্রাম

সড়কের ওপর পৌরসভার বর্জ্য, পরিচ্ছন্ন সন্দ্বীপ গড়ার আহ্বান ইউএনওর

উপজেলা প্রতিনিধি, সন্দ্বীপ (চট্টগ্রাম)

চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার একটি খালের দুর্গন্ধযুক্ত আবর্জনা ফেলা হচ্ছে গুপ্তছড়া সড়কের ওপর। এতে দূষিত হচ্ছে পরিবেশ, স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে স্থানীয় বাসিন্দাসহ সড়কটিতে চলাচলকারী শিক্ষার্থীরা। আর এই পরিবেশ দূষণের অভিযোগের তীর সরাসরি উপজেলা প্রশাসনের দিকে।

অথচ যত্রতত্র ময়লা না ফেলে পরিচ্ছন্ন সন্দ্বীপ গড়ার আহ্বান জানিয়ে গত বৃহস্পতিবারই সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়েছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কিন্তু সেই আহ্বানের পরপরই খোদ প্রশাসন নিজেই পরিবেশ দূষণের কারণ হয়ে দাঁড়ালো। প্রশাসনের এমন দ্বিমুখী আচরণে একদিকে যেমন জনস্বাস্থ্যের ঝুঁকি বেড়েছে, অন্যদিকে তাদের সচেতনতামূলক প্রচারণার নৈতিকতা নিয়ে সচেতন মহলে তীব্র ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

জানা যায়, গত বৃহস্পতিবার সন্দ্বীপ উপজেলা প্রশাসনের উদ্যোগে তালতলী বাজার সংলগ্ন খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সরকারি খাস জমি উদ্ধার করা হয়। খালটিকে পানি প্রবাহের উপযোগী করতে সেখান থেকে তোলা কয়েক টন পঁচা বর্জ্য অপসারণ করা হয়। কিন্তু সেই আবর্জনা কোনো ডাম্পিং স্টেশনে না নিয়ে সরাসরি ফেলে রাখা হয়েছে এনাম নাহারের পার্শ্ববর্তী পূর্ব সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয় সংলগ্ন প্রধান সড়কের ওপর।

সরেজমিনে দেখা যায়, ব্যস্ততম সড়কটির প্রায় ৩০০ মিটার জায়গা এখন আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। যার ১০০ মিটারের মধ্যে অবস্থিত একটি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চ বিদ্যালয়, একটি মসজিদ এবং একটি আবাসিক মাদরাসা। উপজেলার সকল সরকারি দপ্তরে যাতায়াতে এই সড়কটি ব্যবহার করতে হয়। এমনকি সন্দ্বীপে আগত পর্যটকদেরও প্রধান প্রবেশপথ এটি। কাদা, প্লাস্টিক আর বর্জ্যের উৎকট দুর্গন্ধে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, মুসল্লি, পর্যটক এবং সাধারণ পথচারীদের যাতায়াত এখন দুর্বিষহ হয়ে পড়েছে।

পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থীর অভিভাবক সিরাজ উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের সন্তানরা এই দুর্গন্ধে অসুস্থ হয়ে পড়ছে। এটা কি ময়লা রাখার জায়গা? আমরা দ্রুত এর সমাধান চাই।’

নাম প্রকাশে অনিচ্ছুক বর্জ্য বহন করা একজন ট্রাকচালক জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসকের নির্দেশেই প্রধান সড়কের ওপর স্তুপ করে রাখা হচ্ছে এই বর্জ্য।

এ বিষয়ে জানতে চাইলে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন শুরুতে বিষয়টি জানেন না বলে এড়িয়ে যেতে চান। তবে প্রতিবেদক তাকে সুনির্দিষ্ট স্থান উল্লেখ করে প্রধান সড়কের ওপর ময়লা ফেলার চিত্র স্মরণ করিয়ে দিলে তিনি বিষয়টি স্বীকার করেন।

জনগুরুত্বপূর্ণ খোলা জায়গায় কেনো ময়লা ফেলা হলো এমন প্রশ্নে তিনি বলেন, ‘সন্দ্বীপে কোনো ডাম্পিং স্টেশন না থাকায় আমাদের আসলে কোনো উপায় ছিলো না।’ অতীতেও এভাবে সড়কের ওপর ময়লা ফেলা হতো বলে জানান তিনি।

স্থানীয় বাসিন্দা ফেরদৌস আহমদ কৌশিক বলেন, ‘ডাম্পিং স্টেশন নেই বলে প্রধান সড়ককে ভাগাড় বানানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশেষ করে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের পার্শ্ববর্তী স্থানে এভাবে বর্জ্য ফেলে রাখা শিক্ষার্থীদের স্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ। আমরা প্রশাসনের পক্ষ থেকে বর্জ্য ব্যবস্থাপনার টেকসই সমাধান আশা করি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন বলেন, ‘দুর্গন্ধ যাতে না ছড়ায় আমরা ব্যবস্থা নেব।’

এছাড়া টেকসই বর্জ্য ব্যবস্থাপনাসহ শিগগিরই একটি স্থায়ী ডাম্পিং স্টেশন করার আশ্বাসও দেন তিনি।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলার উপপরিচালক মোজাহিদুর রহমান বলেন, ‘উন্মুক্ত স্থানে বা শিক্ষাপ্রতিষ্ঠানের পার্শ্ববর্তী স্থানে এভাবে ময়লা রাখা পরিবেশ সংরক্ষণ আইনের পরিপন্থি। আমরা বিষয়টি খতিয়ে দেখে স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা নিতে বলব।’

জেডএম

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী যুবক নিহত

ফেনীতে এবার প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুমিল্লা থেকে চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী

প্রবাসীর স্ত্রীকে হত্যা মামলায় আদালতে আসামির জবানবন্দি

ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী

কুমিল্লায় তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে শাহরাস্তি জামায়াতের বিবৃতি

সীতাকুণ্ডে সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন মা

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই প্রবাসীর মৃত্যু

নোয়াখালীতে কারাগারে হাজতির মৃত্যু