চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় মোটরসাইকেল ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে এক দম্পতির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মো. নাজিম উদ্দিন (৪৮) ও তাঁর স্ত্রী তাসলিমা আক্তার (৪০)। বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
পাঁচলাইশ থানার ওসি মো. জাহেদুল ইসলাম জানান, বিকেল পৌনে পাঁচটার দিকে গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁদের মৃত ঘোষণা করেন। পরে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়।
হাসপাতালে তাঁদের নিয়ে আসা ব্যক্তিদের বরাত দিয়ে চমেক পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা জানান, পাঁচলাইশ থানার মুরাদপুর কনভেনশন হলের সামনে একটি মোটরসাইকেলের সঙ্গে একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহত নাজিম উদ্দিনের গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া এলাকার তালুকদার বাড়িতে। তিনি নুরুল ইসলাম ও আমেনা বেগমের ছেলে। বর্তমানে নগরের চকবাজার থানার ডিসি রোডের হাজী বিল্ডিং এলাকায় বসবাস করতেন। তাঁর স্ত্রী তাসলিমা আক্তারও একই ঠিকানায় থাকতেন।