চট্টগ্রামের রাউজান উপজেলার বিভিন্ন গ্রামের সড়কগুলো দীর্ঘদিন সংস্কারের অভাবে অবহেলায় পড়েছিল। স্থানীয় জনপ্রতিনিধিরা কোনো উদ্যোগ না নেওয়ায় জনদুর্ভোগ চরমে উঠে।
বিশেষ করে রাউজানে যুগের পর যুগ অবহেলায় পড়ে ছিল পূর্ব রাউজানের কুলালপাড়া-গাজীপাড়া সড়ক। যার কারণে কয়েক হাজার পরিবারের ২০ হাজারো অধিক বাসিন্দারা পড়েন ভোগান্তিতে। শত কষ্টের পরও নজর পড়েনি কারও। তাই অবশেষে বাধ্য হয়ে নিজেদের অর্থায়নে সড়কটি সংস্কার করছে গ্রামবাসী।
বুধবার সকালে রাউজান ইউনিয়নের কুলালপাড়া, গাজীপাড়া, মৌলার বাড়ি, আদর্শগ্রাম, শীলপাড়া, বড়ুয়াপাড়া ও রুপনগরে সড়কের সংস্কার করা হয়। স্থানীয় সমাজসেবক মোহাম্মদ আলীর সার্বিক তদারকিতে প্রবাসীদের আর্থিক সহযোগিতায় ২০০-৩০০ লোক স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কারে অংশ নেন। এ সময় প্রায় ৬০০ ফিট সড়ক সংস্কার করা হয়েছে।
এতে উপস্থিত ছিলেন, সমাজসেবক মো. হানিফ, আব্দুল খালেক, আব্দুল জব্বার, মনির আহমেদ, জেলা ছাত্রদলের সহ-সম্পাদক মো. রোমান, মো. সালাউদ্দিন, ফরিদ চৌধুরী, মঞ্জুরুল আলম, মো. ইউনুস, রজত চক্রবর্তী, টুনটু বড়ুয়া, বাবলা শীল, দুলাল দাশ, সুনীল দাশ, শিবু শীল, শান্ত সহ অনেকে।
এমএইচ