হোম > সারা দেশ > চট্টগ্রাম

প্রবল স্রোতে ভেসে গেল ৫ পর্যটক, নিখোঁজ ১

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালী সমুদ্র সৈকতে গোসল করতে নেমে সাগরের প্রবল স্রোতে ভেসে গিয়ে এক পর্যটক নিখোঁজ হয়েছে। স্থানীয়দের দ্রুত ও সাহসিকতাপূর্ণ উদ্ধার অভিযানে চারজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও একজন তরুণ এখনো নিখোঁজ রয়েছে।

শনিবার বিকেলে গুলিয়াখালী সৈকতের মোহনা সংলগ্ন গভীর খাল ও জোয়ারপ্রবণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে পাঁচ বন্ধু একটি প্রাইভেটকারে করে গুলিয়াখালী সৈকতে বেড়াতে আসেন। ঘোরাঘুরির পর তারা সমুদ্রে গোসল করতে নামেন। শুরুতে তারা স্বাভাবিকভাবে পানিতে খেলাধুলা করলেও কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়।

স্থানীয় বাসিন্দারা জানান, জোয়ারের সময় হঠাৎ করে সাগরে বড় ঢেউ সৃষ্টি হলে এবং নিচে থাকা গভীর খালের কারণে মুহূর্তের মধ্যে পাঁচজন পর্যটক স্রোতের টানে আলাদা হয়ে পড়েন। তারা বারবার সতর্ক করার চেষ্টা করলেও পর্যটকরা তা আমলে নেননি।

ঘটনাস্থলেই স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযানে নেমে পড়েন। অনেক চেষ্টার পর চারজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও একজনকে উদ্ধার করা যায়নি।

উদ্ধার হওয়া পর্যটক মহিন হাসান বর্তমানে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তিনি আমার দেশকে বলেন, আমরা পাঁচ বন্ধু একসঙ্গে পানিতে নামি। কেউই ভালো সাঁতার জানতাম না। হঠাৎ বড় ঢেউ এসে আমাদের আলাদা করে দেয়। আমি কোনোভাবে একটি গাছের ডাল ধরে বেঁচে যাই।

তিনি আরও বলেন, স্রোতের তীব্রতা এত বেশি ছিল যে নিজেকে নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়ে। স্থানীয়দের দ্রুত সহযোগিতা না পেলে বড় ধরনের প্রাণহানি ঘটতে পারত।

এ বিষয়ে সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেন জানান, কুমিল্লার দাউদকান্দি থেকে পাঁচজন পর্যটক গুলিয়াখালী সৈকতে ঘুরতে এসে গোসল করতে নেমেছিলেন। এ সময় স্রোতের টানে তারা ভেসে যান। চারজনকে স্থানীয়রা উদ্ধার করেছে, একজন এখনো নিখোঁজ রয়েছে।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. বেলাল হোসেন আমার দেশকে বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেন। তবে নিজস্ব ডুবুরি দল না থাকায় তাৎক্ষণিকভাবে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়নি। জোয়ারের কারণে পানির গভীরতা ও স্রোত বেশি থাকায় সন্ধ্যার পর অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়।

তিনি আরও জানান, আগামীকাল চট্টগ্রাম থেকে ডুবুরি দল এসে পুনরায় সমুদ্রে উদ্ধার অভিযান পরিচালনা করবে।

এলাকার বাসিন্দা মো. মফিজুর রহমান আমার দেশকে বলেন, গুলিয়াখালী সৈকতের মোহনা ও গভীর খাল এলাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হলেও সেখানে পর্যাপ্ত সতর্কীকরণ সাইনবোর্ড, নিরাপত্তা ব্যবস্থা ও লাইফগার্ড নেই। ফলে প্রায়ই অসচেতন পর্যটকরা ঝুঁকির মধ্যে পড়ছেন।

সচেতন মহলের মতে, প্রাকৃতিক সৌন্দর্যের আকর্ষণে পর্যটকরা এখানে আসলেও সমুদ্রের জোয়ার-ভাটার প্রকৃতি ও গভীর খালের বিপজ্জনক পরিস্থিতি সম্পর্কে পর্যাপ্ত সচেতনতার অভাবেই এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে। তারা দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং পর্যটন ব্যবস্থাপনায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

জঙ্গল সলিমপুরে ছেলের হাতে বাবা খুন

বিদ্যুৎস্পর্শের ৯ দিন পর মারা গেলেন সাকিব

জুলাই শহীদের কবরস্থানের সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ ওলামা দল নেতার বিরুদ্ধে

দুই ইয়াবা কারবারিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

অস্ত্রসহ বড় সাজ্জাদ-রায়হান গ্রুপের দুই সহযোগী আটক

পটিয়ায় বাসচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

শাহরাস্তিতে বিনামূল্যে ৪ শতাধিক রোগীর চক্ষু চিকিৎসা

হোটেল থেকে গাঁজাসহ ছাত্রলীগ নেতা আরিফ আটক

শিশুদের নিরাপত্তায় ডে-কেয়ার সেন্টার করার ঘোষণা চসিক মেয়রের

রামিসা হত্যার বিচারের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি