কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে গোলাগুলির ঘটনা ঘটেছে। ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী সিকদারকে লক্ষ্য করে একদল সন্ত্রাসী গুলি চালায়। তবে তার গায়ে গুলি না লাগলেও মঈন উদ্দিন নামের আরেক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। এই ঘটনায় তাৎক্ষণিক অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে।
একজনের কাছ থেকে একটি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। ওই সময় সন্ত্রাসীরা একজনকে মোটরসাইকেলে তুলে নিয়ে গেলেও তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে জেলা জজ আদালতের পশ্চিম গেটে এই ঘটনা ঘটে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র বলছে, কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী সিকদার একটি মামলায় হাজিরা দিতে আদালতে আসেন। ওই সময় ৫-৬ জন অস্ত্রধারী সন্ত্রাসী মোটরসাইকেলে এসে লিয়াকত আলীকে লক্ষ্য করে গুলি চালায়। তিনি গুলিবিদ্ধ না হলেও মঈন উদ্দিন নামের এক যুবক গুলিবিদ্ধ হন। ওই সময় জনতার সহায়তায় পুলিশ গুলিবর্ষণকারী এক যুবকসহ দুইজনকে আটক করে। সে সময় একজনের হাতে একটি পিস্তল ধরা ছিল।
এদিকে গুলিবিদ্ধ মঈন উদ্দিনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।